
ডেস্ক রিপোর্ট: তৈরি পোশাকশ্রমিকদের জন্য ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেছেন, বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকরা প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন। ফলে মূল বেতনের বাইরেও অতিরিক্ত আর্থিক সুবিধা যুক্ত হবে এবং মাস শেষে তাদের মোট আয় আরও বাড়বে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান তিনি।
মাহদী আমিন লিখেছেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বিশ্বজয়ের পেছনে রয়েছে শ্রমিকদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা। তাদের শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে দেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, বরং নৈতিক ও সম্মিলিত দায়িত্ব।
তিনি জানান, এই দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে নতুন মজুরিকাঠামো নির্ধারণ করা হয়েছে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার পাশাপাশি বর্তমান মূল্যস্ফীতি, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামো বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন গ্রেডে কত টাকা মজুরি
উপদেষ্টার দেওয়া তথ্য অনুযায়ী, নতুন কাঠামোয় গ্রেড-১-এর অধীনে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। অর্থাৎ বেড়েছে ৪৩ শতাংশ।
গ্রেড-২-এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আগে এ গ্রেডে মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। বেড়েছে ৪০ দশমিক ১১ শতাংশ।
গ্রেড-৩-এর অধীনে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে বেড়েছে ৪১ দশমিক ৭০ শতাংশ।
অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর অধীনে হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। আগে এ গ্রেডে মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ বেড়েছে ৩৬ শতাংশ।
শ্রমিক ও শিল্পের স্বার্থে ভারসাম্যের ওপর গুরুত্ব
মাহদী আমিন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। শ্রমিকের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্পখাতই দীর্ঘমেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও উন্নত সুযোগ নিশ্চিত করতে পারে।
তিনি আরও বলেন, সরকার এমন একটি তৈরি পোশাকশিল্প গড়ে তুলতে চায়, যেখানে শ্রমিকরা ন্যায্য অধিকার, মর্যাদা ও উন্নত জীবনমান পাবেন। উদ্যোক্তারা বিনিয়োগ ও উৎপাদনে আস্থা পাবেন এবং কর্মসংস্থান ও রপ্তানি প্রবৃদ্ধির সুযোগ বাড়বে।
শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকপক্ষের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।

মন্তব্য করুন