
সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. সঞ্জীব দাশের সভাপতিত্বে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের প্রতিনিধিসহ সাংবাদিক, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকলে সন্তোষ প্রকাশ করেন। তবে মাদকের বিস্তৃতি রোধ, সীমান্তের চোরাচালান ছাড়াও অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার উপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সভায় আসন্ন পর্যটন মৌসুমে পর্যটকদের নির্বিঘ্নে সুন্দরবনে যাতায়াতসহ ট্রলারের ন্যায্য ভাড়া নিশ্চিতকরণের পাশাপাশি নৌ-পুলিশের তদারকি বৃদ্ধির বিষয়টি প্রাধান্য পায়। একইভাবে যেকোনো অস্বাভাবিক মৃত্যুর পর মৃতদেহের ময়নাতদন্তে সংশ্লিষ্টদের সহযোগিতামূলক আচারণের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের বিশেষ ভূমিকা রাখারও আহবান জানানো হয়।
সভায় জানানো হয়, সেপ্টেম্বর মাসে একটি মানব পাচার, চারটি অস্বাভাবিক মৃত্যু, ৭টি নারী নির্যাতন মিলিয়ে ২৩টি মামলা হলেও অক্টোবর মাসে মামলা হয়েছে ২৯টি। যার মধ্যে একটি মানব পাচার ও তিনটি নারী নির্যাতনের মামলা।
সভায় কৈখালী সীমান্ত এলাকায় চোরাচালানের বিষয়টি উত্থাপনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাশ বিজিবি ও কোস্টগার্ডসহ নৌ-পুলিশের প্রতি আরও বেশী তৎপরতা দেখানোর পরামর্শ দেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক সামিউল মনির, গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম, পদ্মপুকুরের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার, শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওয়াজেরুল ইসলাম প্রমুখ।
সভার শেষ পর্যায়ে সুষ্ঠুভাবে শারদীয় দুর্গা উৎসব সম্পন্ন করায় আড়পাঙ্গাশিয়া সর্বজনীন রাস মন্দির, হরিনগর বাজার সর্বজনীন দুর্গা মন্দিরসহ তিনটি মন্দির কমিটিকে পুরস্কৃত করা হয়।
মন্তব্য করুন