
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ এবং মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজগর আলী।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম এলাকার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ, নাগরিক সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই তাঁর লক্ষ্য।
তিনি আরও বলেন, গণমাধ্যমের সঙ্গে এ ধরনের মতবিনিময় কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং জনগণের কথা শোনা, তাদের প্রত্যাশা বোঝা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আহম্মদ উল্লাহ বাচ্চু, ইশারাত আলী প্রমুখ।

মন্তব্য করুন