
ডেস্ক রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। দুর্ঘটনায় নিহত ব্যক্তির আইনগত ওয়ারিশ এবং আহত ব্যক্তি নিজেই এ সহায়তার জন্য আবেদন করতে পারবেন। মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে অন্যূন ৫ লাখ টাকা এবং আহতদের ক্ষেত্রে সর্বনিম্ন ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা পেতে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
বিআরটিএর নিয়ম অনুযায়ী, দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ‘ফরম-৩২’ পূরণ করে আবেদন জমা দিতে হবে। আবেদন সরাসরি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরাবর অথবা বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে অনলাইনে করা যাবে।
দুর্ঘটনার ৯০ দিন পেরিয়ে গেলে আর আবেদন করার সুযোগ থাকবে না বলে জানিয়েছে বিআরটিএ।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ করেছে বিআরটিএর ট্রাস্টি বোর্ড। এর মধ্যে—
– মৃত্যুর ক্ষেত্রে: নিহত ব্যক্তির পরিবার বা আইনগত ওয়ারিশ পাবেন অন্যূন ৫ লাখ টাকা।
– অঙ্গহানির ক্ষেত্রে: দুর্ঘটনায় অঙ্গহানি হলে অন্যূন ৩ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
– গুরুতর আহত হলে: স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে অন্যূন ৩ লাখ টাকা এবং স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে অন্যূন ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
আবেদন যাচাই-বাছাই ও অনুমোদনের পর সহায়তার অর্থ আবেদনকারীর নিজ নামে থাকা ব্যাংক হিসাবে সরাসরি চেকের মাধ্যমে দেওয়া হবে।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের জরুরি আর্থিক সংকট মোকাবিলা এবং পুনর্বাসনে বিআরটিএর এই উদ্যোগ সহায়ক ভূমিকা রাখছে।

মন্তব্য করুন