
সুলতান শাহাজান, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে প্রান্তিক মানুষের জলবায়ু বিপদাপন্নতা মোকাবেলায় স্থানীয় দ্বন্দ্ব সংঘাত নিরসনে দ্বন্দ্ব রূপান্তর বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে নেট্জ পার্টনারশীপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিস’র সহযোগিতায় বেসরকারি সংস্থা বারসিক’র পরিবেশ প্রকল্পের আওতায় এই আলোচনার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন।
এসময় বারসিক’র পরিচালক এবিএম তৌহিদুল আলমের সঞ্চালনায় নেট্জ বাংলাদেশের প্রতিনিধি মো. জাকির হোসেন প্রান্তিক মানুষের জলবায়ু বিপদাপন্নতা মোকাবেলায় স্থানীয় দ্বন্দ্ব সংঘাত নিরসনে দ্বন্দ্ব রূপান্তর বিষয়ক গবেষণার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন।
এসময় তিনি গবেষণার ফলাফলের ভিত্তিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের ভূমিকা এবং কতিপয় সুপারিশমালা ও প্রস্তাবনা আলোকপাত করেন।
অনুষ্ঠানে বারসিক পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. মাসুম বিল্লাহ পরিবেশ প্রকল্পের কার্যক্রমের সার সংক্ষেপ তুলে ধরেন।
গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির, আশাশুনি উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তৌহিদুজ্জামান, গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপকংকর বাছাড় দীপু, খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, দ্বন্দ্ব রূপান্তর বিষয়ক গবেষণার ফলাফল ও সুপারিশসমূহ মাঠ পর্যায়ে স্থানীয়দের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং দ্বন্দ্ব সংঘাত নিরসনে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ নিতে হবে।
আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় প্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও স্থায়িত্বশীল ব্যবহার, নারীদের অভিগম্যতা নিশ্চিত করা, জাতীয় পর্যায়ে পরিবেশ বান্ধব নীতিমালা প্রণয়ন, জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভুত দ্বন্দ্ব নিরসনে স্থানীয় দ্বন্দ্ব-রূপান্তর প্রক্রিয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
মন্তব্য করুন