

সুলতান শাহাজান, শ্যামনগর: ‘ধুড় পাচারকারীরা’ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত সংলগ্ন কয়েকটি অংশকে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে। কথিত আছে ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতা এ পথেই লুকিয়ে ভারতে চলে যান। যার ধারাবাহিকতা রয়েছে এখনো। চোরাকারবারীরা গ্রেফতার না হওয়ায় বেড়েই চলেছে সীমান্ত অপরাধ।
এমনই পরিস্থিতিতে সুন্দরবন সংলগ্ন কৈখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২১ এপ্রিল) রাতে কৈখালী সীমান্তের সুন্দরবনের ভেতরের বাংলাদেশ অংশের কালিন্দি নদীর বয়াসিং বকচরা এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রাতেই তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করে বিজিবি।
আটককৃতরা হলেন- খুলনার কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা গ্রামের রাজীব সরকারের ছেলে অনুপম সরকার (২৮), তার স্ত্রী পিংকি বৈরাগী (২৬) ও ছেলে দেবরাজ সরকার (৮), খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া বাসাখালী গ্রামের শচীন সানা (১৮), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রুমি (১৮) এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মোছা. সুইটি ইসলাম (২২)।
এ সময় আটকৃতদের কাছ থেকে ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন, ৪ হাজার ৫০০ ভারতীয় রুপি ও ২৪০ বাংলাদেশি টাকা জব্দ করা হয়। কৈখালী বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কালিন্দি নদীর বয়ারসিং বকচরা এলাকায় মানব পাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালানো হয়। সেখানে ভারতে পাঠানোর উদ্দেশ্য নারী-শিশুসহ ১২ জনকে জড়ো করেছিল মানবপাচারকারী মামুন কয়াল ও আজিজুল কয়ালসহ পাচারকারী চক্রের অন্যান্য সদস্যরা। সেখান থেকে তাদেরকে আটক করা হয়।
আবু বক্কার আরও বলেন, অভিযানকালে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা পালিয়ে যায়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, বিনা পাসপোর্টে তাদের অবৈধভাবে ভারতে পাঠানোর উদ্দেশ্যে মানব পাচারকারী মামুন কয়াল, আজিজুলসহ অন্যান্যরা ওই স্থানে নিয়ে যায়।
এবিষয়ে নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ডের (আরবিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ জানান, ভালো কাজের প্রলোভনে পাচারকারী মামুন কয়াল, আজিজুলসহ মানব পাচার চক্রের অন্যান্য সদস্যদের খপ্পড়ে পড়ে আটককৃতরা বেশ কয়েক দিন যাবত কৈখালী সীমান্ত এলাকায় পাচারকারীদের বাড়িসহ বিভিন্ন জায়গায় নিয়ে রাখে করে। এরপর পাচারের উদ্দেশ্যে সুযোগ বুঝে তারা (পাচারকারীরা) কৈখালী সীমান্তের সুন্দরবনের ভেতরের বাংলাদেশ অংশের কালিন্দি নদীর বয়ারসিং বকচরা এলাকায় নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তা স্বীকার করেছে।
আটককৃত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মোবাইলের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের পাচার চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তারা শ্যামনগর বাস স্ট্যান্ডে আসে। সেখান থেকে নজরুলসহ ওই চক্রের কয়েকজন সদস্য তাদের রিসিভ করে। এরপর তাদের নিয়ে যাওয়া হয় সীমান্তবর্তী কৈখালী এলাকায়। সেখানে মামুন কয়াল, আজিজুল গাজীসহ কয়েকজন তাদের ওই স্থানে নিয়ে যায়। এরপর সেখান থেকে তাদের আটক করে বিজিবি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেন, বিজিবির হাতে আটককৃতদের দুটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, কৈখালী সীমান্তের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্র ও মাদক চোরাকারবারীরা। এ অঞ্চলের সুন্দরবন ও নৌপথ ব্যবহার করে চোরাকারবারী ও পাচারকারী চক্র বাড়তি সুবিধা ভোগ করছে। প্রশাসন ম্যানেজসহ নানা কৌশলে এসব অপরাধ চলছে বলে অভিযোগ স্থানীয়দের। আর এভাবে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জনপদের এ অংশটি এখন পাচারকারী ও চোরাচালানের স্বর্গরাজ্য হয়ে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কৈখালী সীমান্তে চোরাচালানের কাজে অংশ নেয়া কয়েকজন শ্রমিক জানান, ‘ধুড় পাচারকারীরা’ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত সংলগ্ন কয়েকটি অংশকে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী কালিন্দি ও রায়মঙ্গল নদী পথের বয়সিং, ভারতের অংশে ঝাড়াখাল, বাংলাদেশ অংশের কচুখালী ও ভারতের অংশে রায়মঙ্গল ঝেটামূখো পাচারের সুযোগ বেশি এবং ঝুঁকিও কম হওয়ায় মানব পাচারকারীরা ধুড় পাচারের ‘মূল পয়েন্ট’ হিসেবে বেছে নিয়েছে এই এলাকাকে। তাদের ভাষ্যমতে, বাংলাদেশ ও ভারতে এই পাচারকারী চক্রের সক্রিয় সদস্যরা প্রতিনিয়ত মানব পাচারকার কাজ চালিয়ে যাচ্ছে। এই পাচার চক্রের বাংলাদেশের মামুন কয়াল, আজিজুল গাজী, সোহরাব গাজী, রেজাউল গাজী, জামের আলী, দেলোয়ার মোল্লা ও বাবলু মোল্লাসহ কৈখালীর বড় একটি সিন্ডিকেট কাজ করে। এছাড়াও ভারতের অংশের দায়িত্বে থাকে দক্ষিণ ২৪ পরগনার হেমনগর কোস্টাল থানা এলাকার বাসিন্দা কালিতলারং প্রদিপ, দেবু, ডাক বাংলা কালিতলার আল মামুন, আলি হোসেন, নূর ইসলাম, জগন্নাথপুরে গোবিন্দ, দিবাস ও রমাপুরের নেপাল।
অভিযোগ রয়েছে, সুন্দরবন সংলগ্ন সীমান্তপথে মানব পাচার ও চোরাচালানের বিষয়টি জনপ্রতিনিধি ও স্থানীয়দের কাছে ‘ওপেন সিক্রেট’। তারপরও তা দিনে দিনে তা বেড়েই চলেছে।
মন্তব্য করুন