
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামের মোঃ সুবাহান গাজীকে ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে লিবিয়ায় নিয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুবাহান গাজীর স্ত্রী মোছাঃ সালমা শিরিন কালিগঞ্জ থানায় মানব পাচারকারী চক্রের মূল হোতা শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
সালমা শিরিন সাংবাদিকদের জানান, ২০২৩ সালে শফিকুল ইসলাম তার স্বামীকে ইতালি পাঠানোর প্রস্তাব দেন এবং চুক্তি অনুযায়ী ১১ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে আরও ৫ লাখ ৫০ হাজার টাকা নেয়। কিন্তু সুবাহানকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় আটকে রাখা হয় এবং বর্তমানে তিনি সেখানে অসুস্থ অবস্থায় রয়েছেন।
সালমা আরও অভিযোগ করে জানান, শফিকুল ইসলাম তার স্বামীকে হত্যা বা গুম করার হুমকি দিচ্ছে এবং আরও অর্থ দাবি করছেন। এ বিষয়ে তিনি কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত সহায়তা কামনা করেছেন।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, শফিকুল ইসলাম ওরফে ‘কেনা’ বিভিন্ন জেলা থেকে ইতালি পাঠানোর প্রলোভনে সাধারণ মানুষকে লিবিয়ায় নিয়ে গিয়ে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করছে।
যোগাযোগ করা হলে শফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন সাংবাদিকদের জানান, ইতালিতে নিয়ে যাওয়ার চুক্তি ছিল। পরবর্তীতে অনেকবার নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ইতালিতে সম্ভব হয়নি। বর্তমানে সুবাহান গাজী লিবিয়ায় আছেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ হাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন