
সুলতান শাহাজান, শ্যামনগর: বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে নৈতিকতা, ন্যায় ও জ্ঞানই হবে আমাদের চালিকা শক্তি। কেউ অনেক টাকার মালিক মানে সে সফল এ ধারণা ঠিক নয়। সম্পদে নয়, বরং যারা সম্মানে ও জ্ঞানে দৃষ্টান্ত অর্জন করেছে তারাই সফল।
সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে সোমবার (৯ জুন) প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন এসব কথা বলেন।
তিনি জ্ঞান অর্জনের মাধ্যমে সমাজের যারা সম্মানিত হয়েছেন, তাদের থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের সন্তানদের গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
তিনি মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদের কথা উল্লেখ করে বলেন, তারা যখন এ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, বিদ্যালয় ভবনটি মাটির ছিল। তাঁরা যদি মাটির বিদ্যালয়ে পড়াশোনা করে দেশের বড় জায়গায় যেতে পারেন, তাহলে এখনকার শিক্ষার্থীরা আরও ভালো করবে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় মাত্র ৮/৯ মাসে একটা সম্মানজনক জায়গায় পৌঁছেছে বাংলাদেশ। পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে তারা ধারা অব্যাহত রাখবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, আগামী ২ সপ্তাহের মধ্যে সাতক্ষীরা থেকে ভেটখালী সড়কের কাজ শুরু হবে বলে জানান।
নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শেখ আবদুর রশীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।
আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সাবেক এনবিআর চেয়ারম্যান ড. আব্দুল মজিদ।
পরে শেখ বশিরউদ্দীন শ্যামনগর পৌরসভার জামেআ হাম্মাদিয়া মাদ্রাসায় কোরবানির পশুর কাঁচা চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপদেষ্টা জানান, তারা স্থানীয়ভাবে মজুত এবং লবণ দেওয়াকে উৎসাহিত করার মাধ্যমে চামড়া সংরক্ষণ উপযোগী ও মজুত উপযোগী করার বিষয়ে উৎসাহিত করছেন। যার ফলে বাজার ব্যবস্থাপনায় একটা স্থিতি এবং বাজারের চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য তৈরি হয়। আর সরকারের এই উদ্যোগে শামিল হয়ে সাতক্ষীরার শ্যামনগর অঞ্চলের এই অস্থায়ী চামড়া সংরক্ষণাগারে প্রায় ২২০০ পিস চামড়া সংরক্ষণ করা হয়েছে। এটা খুব ভালো উদ্যোগ বলে মন্তব্য করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার আহব্বানে সাড়া দেওয়ায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
মন্তব্য করুন