আলী আজীম, মোংলা (বাগেরহাট): বন্দর ও পর্যটন নগরী মোংলা রেল স্টেশন হতে মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় পৌরসভা চত্বরে আমরা মোংলাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সংঘের সভাপতি পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।
বক্তব্য রাখেন, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী, মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি মোঃ হাবিব মাস্টার, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক পৌর কাউন্সিলর আঃ কাদের, পর্যটন ব্যবসায়ী জামায়াত নেতা মোঃ আনিসুর রহমান, সুন্দরবন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের মোঃ এমাদুল হাওলাদার, মাঝিমাল্লা ইউনিয়নের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সমুদ্র বন্দর ও পর্যটনকেন্দ্র হিসেবে মোংলা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বন্দর, ইপিজেড, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্পাঞ্চল এবং সুন্দরবনসংলগ্ন এই অঞ্চলের অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা বাস্তবায়নের জন্য আধুনিক ও সরাসরি রেল সংযোগ অপরিহার্য হয়ে উঠেছে। বর্তমানে মোংলা থেকে ঢাকার সঙ্গে সরাসরি কোনো আন্তঃনগর রেল যোগাযোগ নেই। অথচ মোংলা বন্দরের মাধ্যমে দেশের রপ্তানি-আমদানি বাণিজ্য দ্রুত প্রসারিত হচ্ছে এবং এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্প পার্ক ও পর্যটনের বিকাশ ঘটছে। এই অবস্থায় মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা আন্তঃনগর ট্রেন চালু অপরিহার্য হয়ে উঠেছে। তাই অবিলম্বে মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা দুটি আন্তঃনগর ট্রেন চালুর জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মন্তব্য করুন