আলী আজীম, মোংলা (বাগেরহাট): ২০২৫-২৬ অর্থবছরের শুরুতে আমদানি-রফতানি বাণিজ্যে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে মোংলা সমুদ্র বন্দর। এছাড়া চলছে সক্ষমতা বৃদ্ধির নানা কর্মযজ্ঞ। চলতি বছরে ৯শ বাণিজ্যিক জাহাজ আগমনের রেকর্ড গড়ার প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষের।
জানা গেছে, মোংলা বন্দর নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ বন্দরকে আরো লাভজনক হিসেবে গড়ে তুলতে বিদেশি বিনিয়োগকারীদের সাথে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে। দক্ষিণ এশিয়ায় মোংলা বন্দরকে আঞ্চলিক ও আধুনিক বাণিজ্যের হাব হিসেবে পরিণত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, চীন মোংলা বন্দর নিয়ে অনেক আগ্রহ দেখাচ্ছে। বিশ্ব অর্থনীতির পরাশক্তি চীনের সহায়তায় মোংলা বন্দরের কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, বর্তমানে বন্দরের মোট সক্ষমতার ৬০ শতাংশ ব্যবহৃত হচ্ছে। আমরা বন্দরের শতভাগ সক্ষমতাকে কাজে লাগাতে ইতোমধ্যে কাজ শুরু করেছি। আশা করছি দ্রুত সুফল পাবো।
তিনি আরও বলেন, এ বন্দরকে শতভাগ ব্যবহার করা গেলে বছরে ১৫০০ বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, এক লাখ টিইউজ কন্টেইনার, দুই কোটি মেট্রিকটন কার্গো হ্যান্ডলিং, ২০ হাজার রিকন্ডিশন গাড়ি আমদানি করা যাবে। আর ওই কর্মযজ্ঞের মাধ্যমে বছরে ৬০০ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে। পাশাপাশি এ অঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, চলতি অর্থবছরের প্রথম ৩৯ দিনে বন্দরে মোট ৮৫টি জাহাজ নোঙর করেছে। গেলো জুলাইতে মোংলা বন্দর দিয়ে মোট ৫১৮টি গাড়ি আমদানি করা হয়েছে। কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ৪৫৯ টিইউজ। কার্গো হ্যান্ডলিং করা হয়েছে ৬ লক্ষ ৫০ হাজার মেট্রিকটন।
তিনি আরো বলেন, অর্থ বছরের শুরুটা অনেক ভালো। তাই আমরা প্রত্যাশা করি নতুন বছরে ৯০০ জাহাজ আগমন সম্ভব হবে। সেই লক্ষ্যে বন্দরে সকল কর্মকর্তা ও কর্মচারীরা কাজ করছে।
মন্তব্য করুন