জি.এম.মিন্টু কেশবপুর (যশোর): ১৯৭৯ সাল থেকে স্বতন্ত্র মর্যাদা নিয়ে চলে আসছে যশোর-৬ (কেশবপুর) আসন। সম্প্রতি যশোর-৪ আসনের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের জনৈক সুকৃতি কুমার মন্ডল নির্বাচন কমিশনে আবেদন করে কেশবপুরের তিনটি ইউনিয়নকে মনিরামপুরের ছয়টি ইউনিয়নের সঙ্গে যুক্ত করে অভয়নগরের সাথে মিশিয়ে নতুন আসন করার প্রস্তাব দিয়েছেন। আগামী ২৫ আগস্ট এ সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হবে। এ খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই কেশবপুর উপজেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
কেশবপুরের স্বতন্ত্র মর্যাদা প্রশ্নের মুখে :
কেশবপুর উপজেলার মানুষ মনে করেন, একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই ষড়যন্ত্র করা হচ্ছে। কেশবপুরের মানুষ কোনোভাবেই তাদের দীর্ঘদিনের স্বতন্ত্র আসনকে বিলুপ্ত হতে দেবেন না বলে অঙ্গীকার করেছেন। আসন বিভাজনের প্রস্তাব আসতেই বাজার-ঘাট, অফিস-আদালত থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আসন অক্ষুণœ রাখার দাবি। অনেকেই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যদি প্রয়োজন হয় নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ডের আওতায় কেশবপুর :
তথ্যানুসারে, কেশবপুর পানি উন্নয়ন বোর্ডের ২৪নং পোল্ডারের আওতাধীন। তবে এটি ভবদহের ২১ ভেন্ট সুুইস গেটভুক্ত নয়। উপজেলার পাঁজিয়া, সুফলাকাটি ও গৌরীঘোনা ইউনিয়ন বিল খুকশিয়ার ৮ ভেন্ট সুুইস গেটের অধীন। অথচ আবেদনকারী সুকৃতি কুমার মন্ডল তার আবেদনে উল্লেখ করেছেন, এসব ইউনিয়ন ভবদহ সুুইস গেট সংলগ্ন হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। যা একেবারেই অসত্য।
বিশেষজ্ঞদের মতে, এ অঞ্চলে জলাবদ্ধতার মূল কারণ হলো নদীর নাব্যতা হারানো ও তলদেশ ভরাট হয়ে যাওয়া। সেই সাথে অপরিকল্পিত মৎস্য ঘের। ফলে বর্ষাকালে অতিবৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হতে পারে না। যদি হরি নদী থেকে ঘ্যাংরাইল নদী পর্যন্ত প্রায় ৪৯ কিলোমিটার নদী পুনঃখনন করা হয়, তবে কেশবপুর অঞ্চলে জলাবদ্ধতা থাকবে না। ফলে ভবদহের সঙ্গে কেশবপুরের তিন ইউনিয়নের সম্পর্কিত করার কোনো যৌক্তিক ভিত্তি নেই।
জনসংখ্যা ও ভৌগলিক বাস্তবতা :
কেশবপুর উপজেলা যশোর, সাতক্ষীরা ও খুলনার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এর উত্তরে মনিরামপুর উপজেলা, পশ্চিমে কলারোয়া ও তালা, দক্ষিণে পাইকগাছা এবং পূর্বে যশোর সদর। অভয়নগর উপজেলায় যেতে হলে কেশবপুরবাসীকে অবশ্যই মনিরামপুর অতিক্রম করতে হয়। কাজেই অভয়নগরের সঙ্গে কেশবপুরকে একত্রে যুক্ত করা ভৌগলিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।
কেশবপুর আসনের জনসংখ্যা ও ভোটার সংখ্যা ইতোমধ্যেই একটি পূর্ণাঙ্গ সংসদীয় আসন গঠনের জন্য যথেষ্ট। ফলে এটিকে ভাগ করার কোনো যৌক্তিকতা নেই বলে স্থানীয়রা মনে করেন।
ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না :
প্রসঙ্গত, কয়েক বছর আগে কেশবপুর আসন একবার বিভক্ত করা হয়েছিল। পরবর্তীতে ব্যাপক আন্দোলনের মুখে নির্বাচন কমিশন তা পুনর্বহাল করে। ইতিহাসের পুনরাবৃত্তি যেন আবারও হতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা মনে করছেন, এবারও ষড়যন্ত্রমূলকভাবে কেশবপুরকে বিভক্ত করার চেষ্টা হচ্ছে।
সর্বস্তরের মানুষের ক্ষোভ :
কেশবপুরের সন্তান ও প্রধান উপদেষ্টার প্রেস উইং সদস্য এস এম রাসেদুল ইসলাম বলেন, ভবদহ সমস্যা গত ৪০ বছরের পুরোনো সমস্যা। এটি নদীর নাব্যতা ও জোয়ার-ভাটার সঙ্গে সম্পর্কিত। এর সঙ্গে সংসদীয় আসন পুনর্গঠনের কোনো সম্পর্ক নেই’।
অ্যাডভোকেট মফিজুর রহমান বলেন, সুকৃতি কুমার মন্ডল কেশবপুরের তিনটি ইউনিয়ন, মনিরামপুরের ছয়টি ইউনিয়ন ও অভয়নগর উপজেলা একত্র করে আসন গঠনের আবেদন করেছেন। ওই এলাকায় একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি হওয়ায় তার আবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
কেশবপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একইসাথে উপজেলা জামায়াতে ইসলামীও আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছে। সর্বস্তরের মানুষ বলছেন, স্বতন্ত্র মর্যাদা অক্ষুণœ রাখতে প্রয়োজনে তারা কঠোর আন্দোলন-সংগ্রামে নামবেন।
মন্তব্য করুন