পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশুকে হাম-রুবেলা (এমআর) ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পর্যায়ে হাম-রুবেলা (এমআর) ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে স্বাস্থ্য বিভাগ আয়োজিত সমন্বয় সভায় এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।
ডা. আহসানারা বলেন, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কর্মদিবসে ৬ মাস হতে ৫ বছরের নীচের ২০ হাজার ৫৪০ শিশুকে হাম রুবেলা ভ্যাকসিন প্রদান করা হবে। কমিউনিটি পর্যায়ের কেন্দ্রগুলোতে ৮ দিন এবং শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৩ দিন টিকাদান চলবে। নির্ধারিত কেন্দ্রসমূহসহ স্থায়ী কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনকৃত শিশুরা ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। এলাকার কোন শিশু যাতে বাদ না পড়ে এজন্য ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করাসহ যে কোন ধরনের গুজব অথবা অপপ্রচারে কান না দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়েছে।
টিকাদান কর্মসূচির শেষ দিন পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল এ কর্মকর্তা।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার শাকিলা আফরোজ, পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক জিএম মিজানুর রহমান, প্রকাশ ঘোষ বিধান, ইসলামিক ফাউন্ডেশনের শওকত হোসেন, ব্র্যাক প্রতিনিধি ইউনুস আলী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিদ জাহাঙ্গীর আলম।
মন্তব্য করুন