মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে অজ্ঞাত পরিচয় এক মানসিক ভারসাম্যহীন নারীর কোল জুড়ে জন্ম নিলো ফুটফুটে এক নবজাতক।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিকভাবেই জন্ম নেয় শিশুটি।
এ খবর পেয়েই স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল, সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।
এসময় ইউএনও শিশুটিকে কোলে তুলে নেন এবং তার সুস্থতা ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
জানা গেছে, প্রায় এক মাস আগে উপজেলার মৌতলা বাজার এলাকায় ওই মানসিক ভারসাম্যহীন নারীকে অন্তঃসত্ত্বা অবস্থায় ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। পরে এলাকাবাসী ও কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা–কর্মচারীরা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তখন থেকেই মানসিক ভারসাম্যহীন ওই গর্ভবতী মায়ের খোঁজখবর নিতেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদের নির্দেশনায় স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ এক মাস ধরে তাকে পরিচর্যা ও চিকিৎসা সেবা দেন। ফলে ওই নারী সুস্থ ও স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে সক্ষম হন।
স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শিশুটির নিরাপত্তা ও সঠিক পরিচর্যার জন্য সরকারি উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তার মায়ের দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
মন্তব্য করুন