
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর বাজারের টিসিবি ডিলার বাবলুল করিমের মাধ্যমে সরকারি বরাদ্দের ৪ হাজার ৩৩৫ কেজি চাল গায়েব করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সালের ৩০ জানুয়ারি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে ইস্যুকৃত ৮১১৪৫৮ নম্বর ডিও’র মাধ্যমে ডিলার বাবলুল করিমকে ৬ হাজার ৭২৫ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। অথচ তার অধীনে থাকা ৪৭৮টি কার্ডের বিপরীতে ৫ কেজি হারে প্রাপ্য চালের পরিমাণ ছিল ২ হাজার ৩৯০ কেজি। এই হিসেবে ওই ডিওতে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয় ৪ হাজার ৩৩৫ কেজি চাল।
স্থানীয়দের প্রশ্ন, সরকারি এই অতিরিক্ত চাল কোথায় গেল এবং কীভাবে এই বরাদ্দ দেওয়া হলো।
অনুসন্ধানে আরও জানা যায়, পরবর্তী মাস অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারির ২৮ তারিখে ৮৪৪৬৪৬৪ নম্বর ডিও’র মাধ্যমে একই ডিলারকে ৪৭৮টি কার্ডের অনুকূলে ২ হাজার ৩৯০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। এসব চাল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন টিসিবি ডিলার বাবলুল করিম।
আজগার আলী, জহুর আলম ও আলমগীর হোসেনসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ডিলার বাবলুল করিমের মাধ্যমে অতিরিক্ত বরাদ্দের চাল আত্মসাৎ করা হয়েছে। তাদের দাবি, এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশ থাকতে পারে।
পরানপুর এলাকার মনির হোসেন নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, ৪৭৮টি কার্ডের বিপরীতে এত বেশি চাল কীভাবে বরাদ্দ হলো, সেটিই বড় প্রশ্ন। বিষয়টি তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
শফিকুল নামের আরেকজন জানান, সরকারি খাদ্য সহায়তার চাল যদি এভাবে গায়েব হয়ে যায়, তাহলে সাধারণ হতদরিদ্র মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়।
এ বিষয়ে ডিলার বাবুল করিমের কাছে পরিচয় দিয়ে চাইলে তিনি বলেন, সরকারের চাল সরকার ডিও দিয়েছে, সরকারের লোকের দেওয়া হয়েছে। আপনি কি ফুড অফিসার? আপনার জানার দরকার কী? এসব বাদ দেন। এ কথা বলার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে নকিপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আহমেদ জামান বলেন, আমি নতুন এসেছি। এ বিষয়ে আমার কিছু জানা নেই। ঘটনাটি আমার যোগদানের আগের।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে যে পরিমাণ ডিও ইস্যু করা হয়, খাদ্য গুদাম সেই অনুযায়ী পণ্য সরবরাহ করতে বাধ্য থাকে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুর রহমান বলেন, এটি অনেক আগের ঘটনা। সব অডিট শেষ হয়ে গেছে, ফাইলও এখন আমার কাছে নেই। এগুলো নিয়ে এখন ঘাঁটাঘাটি করার প্রয়োজন নেই। পরে তিনি বিষয়টি এড়িয়ে যান।
মন্তব্য করুন