পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় সামাজিক বনায়নের গোলপাতা কর্তন ও বিক্রির লাখ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় বনায়ন সমিতির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার সকালে পাইকগাছা পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় সামাজিক বনায়নের গোলপাতা কর্তনের সময় স্থানীয়দের উপস্থিতিতে বিষয়টি প্রকাশ্যে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক বনায়নের আওতাধীন গোলপাতা কেটে বিক্রি করা হলেও এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হচ্ছে না। বরং একটি প্রভাবশালী চক্র নিজেদের নিয়ন্ত্রণে রেখে ওই অর্থ আত্মসাৎ করছে।
সমিতির সদস্য রশিদ জানান, সমিতির সেক্রেটারি জামিরুল ইসলামের নির্দেশনা অনুযায়ী প্রতি বছর গোলপাতা কর্তন ও বিক্রি করা হয়। তিনি বলেন, গত বছর প্রায় ৩ লাখ টাকার গোলপাতা বিক্রি হয়েছে। চলতি বছর প্রায় ৫ লাখ টাকার গোলপাতা বিক্রি হতে পারে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাইকগাছা সামাজিক বনায়ন সমিতির সম্পাদক জামিরুল ইসলাম বলেন, আমরা ২০১৪ সাল থেকে এভাবেই গোলপাতা বিক্রি করে আসছি। কারও অধীনে আমরা না। তবে তিনি সরকারি অনুমোদন কিংবা বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এদিকে উপজেলা বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি।
মন্তব্য করুন