

কয়রা প্রতিনিধি: সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এবং বনদস্যু সাত্তার বাহিনীর কাছে জিম্মি থাকা ৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু সাত্তার বাহিনী খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের আড়শীপসা নদীর গানধার খাল এলাকায় কয়েকজন জেলেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জিম্মি করে রেখেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কোস্ট গার্ড স্টেশন কয়রা ও স্টেশন দোবেকীর সদস্যরা ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা জিম্মি জেলেদের রেখে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। এসময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১টি ডিঙ্গি নৌকায় ৪টি দেশীয় ওয়ান শুটার গান, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং ডাকাতদলের কাছে জিম্মি থাকা পাঁচজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেরা হলেন, জহুরুল ইসলাম (২৭), ফারুক গাজী (৪২), রেজাউল করিম (২৬), নুরুল হুদা (২৩) ও হাসান গাজী (২৭)। তারা সকলে খুলনার কয়রা থানার বাসিন্দা।
অপরদিকে, খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কুমড়োখালী খাল সংলগ্ন এলাকায় বনদস্যুরা দস্যুতার উদ্দেশ্যে
অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও কোস্ট গার্ড স্টেশন নলিয়ান কর্তৃক ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৪টি একনলা বন্দুক, ১টি ০.২২ ক্যালিবার বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৫২ রাউন্ড ০.২২ ক্যালিবার বন্দুকের গোলা ও ২ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন