
বেনাপোল প্রতিনিধি: আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ জোরদারে বিজিবি ও বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির যশোর দক্ষিণ পশ্চিম রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান এবং বিএসএফ এর ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এর ইন্সপেক্টর জেনারেল দলজিত সিং।
বৈঠকে সীমান্ত হত্যা বন্ধসহ সকল সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়।
বৈঠকে উভয়পক্ষই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে তাদের বলিষ্ঠ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তসমূহ সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন নিশ্চিত করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে মর্মে উভয় পক্ষ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক শেষে বিজিবির যশোর রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মন্তব্য করুন