
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মলদ্বারে করে পাচারের সময় ৮১৩ দশমিক ৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
সোমবার (২ নভেম্বর) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকাল ৯টার দিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে স্বর্ণের পেস্টসহ তাকে আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিকের নাম জহির শাহ গোলাম হোসেন (৪৩)। তিনি মুম্বাইয়ের ছিতা ক্যাম্প এলাকার গোলাম হোসেন শের খানের ছেলে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন যে, ভোমরা ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে ভারতীয় পাসপোর্টধারী একজন ব্যক্তি শুল্ক কর ফাঁকি দিয়ে বাংলাদেশ হতে স্বর্ণ ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে ভারতীয় নাগরিক জহির শাহ গোলাম হোসেনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বর্ণ পাচারের কথা অস্বীকার করলে তাকে শারীরিক পরীক্ষার জন্য নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে শারীরিক পরীক্ষার মাধ্যমে তার মলদ্বারে বহন করা ২টি প্যাকেটে স্বর্ণের পেস্টের অস্তিত্ব শনাক্ত ও উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের পেস্টের মোট ওজন ৮১৩.৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন