তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে খলিষখালী বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে শেখ নুর আহম্মাদ সভাপতি, শেখ আব্দুল হান্নান সাধারণ সম্পাদক এবং মোল্লা জাহাঙ্গীর হোসেন যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহম্মাদ। বিএনপি নেতা সিরাজুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এসময় তিনি বলেন, আমি কখনো অন্যায় কাজ করি না, নির্বাচিত হলেও কোনো অন্যায় কাজে জড়াবো না এবং কাউকে অন্যায় কাজে প্ররোচিত করবো না। আমি এলাকায় উন্নয়ন করেছি—পাটকেলঘাটাকে থানা করেছি, এবার এটিকে উপজেলা করার লক্ষ্য নিয়েছি। আমি যা বলি তা-ই করি; যদি না করতে পারি, তবে আপনাদের কাছে ভোট চাইবার নৈতিক অধিকার থাকবে না। এক দিনে আমি ৩৭টি স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছি, কিন্তু কারো কাছ থেকে এক টাকাও নেইনি। তাই আপনারা ধানের শীষে ভোট দিন—এটাই আপনাদের ও আমার শক্তি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসান হাদী, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মস্তফা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন