
শ্যামনগর প্রতিনিধি: বিএনপির সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের টিম প্রধানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির ব্যানারে আয়োজিত উক্ত মানববন্ধনে প্রায় তিন শতাধিক নারী পুরুষ অংশ নেন।
আন্দোলনকালে পুলিশের গুলিতে আহত মাসুদ রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে বিএনপির ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও শ্যামনগর উপজেলা বিএনপির সাংগঠনিক টিম প্রধান তাজকিন আহমেদ চিশতী এ ক্ষেত্রে মূল ক্রীড়ানকের ভূমিকা রেখেছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, যারা বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সব ধরনের সুযোগ সুবিধা নিয়েছে তাদের ভোটার করা হয়েছে। কিন্তু একটি পক্ষকে বিশেষ সুবিধা দিতে যেয়ে বিএনপির রাজনীতিতে জড়িত প্রায় তিন শতাধিক নারী-পুরুষকে সম্মেলনের জন্য তৈরি ভোটার তালিকার বাইরে রাখা হয়েছে। এসময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভোটার তালিকায় নিজেদের অন্তর্ভুক্তির দাবি জানান তারা।
মানববন্ধন শেষে ভোটার তালিকায় স্থান না পাওয়ার অভিযোগ তুলে তারা শ্যামনগর পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরবর্তীতে সন্ধ্যায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংগঠনিক টিম প্রধানের পদত্যাগ দাবি করেন।
এসময় লিখিত বক্তব্যে ক্ষুব্ধ বিএনপির কর্মী-সমর্থকরা জানান, সদস্য ফরম নবায়নের প্রেক্ষিতে শুরুতে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভূক্তির নিশ্চয়তা দিয়েছিলেন তাজকিন আহমেদ চিশতী। কিন্তু ইউনিয়ন ও উপজেলা বিএনপির একটি অংশের অন্যায্য আবদার রক্ষা করতে গিয়ে তিনি অন্তত তিন শতাধিক ত্যাগী নারী-পুরুষকে ভোটাধিকার বঞ্চিত করেছেন।
সংশোধনপূর্বক ভোটার তালিকায় বাদ পড়া কর্মী-সমর্থকদের অন্তর্ভুক্ত করা না হলে আগামী ৪ অক্টোবর কাশিমাড়ীতে ভোট করতে দেয়া হবে না বলেও তারা হুশিয়ারী উচ্চারণ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, অলিউর রহমান, আব্দুল গনি, মুনসুর আলী মোল্যা, শফিকুল মোল্যা, শফিকুল ইসলাম গাজী, মোছাঃ সেলিনা খাতুন, নাজমা খাতুন, আব্দুল গফ্ফার প্রমুখ।
মন্তব্য করুন