
ডেস্ক রিপোর্ট: আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন গির্জা পরিদর্শন করেছেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বুধহাটা মা মারীয়া ক্যাথলিক চার্চ, জামাল নগর যীশু হৃদয়ের চার্চ, বুড়িয়া ফাতেমারানীর চার্চসহ বিভিন্ন চার্চ পরিদর্শন শেষে বড়দল ইউনিয়নের বড়দল সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হন।
আলোচনা সভায় বড়দল কেন্দ্রের ফাদার জেল ম্যাক্স ফিল্ড এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান।
তিনি বলেন, আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় সে লক্ষ্যে আশাশুনি থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি গির্জার পরিচালক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে উৎসবকালীন নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে টহল জোরদার ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ ও ইটালিয়ান ফাদার সেরজো। সভায় অন্যান্যদের মধ্যে থানার সেকেন্ড অফিসার এসআই রশিদুজ্জামান, উপজেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাস্টার লালন সরকার, সহ-সভাপতি যাকোব আচারী, বিশ্বজিৎ মন্ডল, সদস্য সুজন সরকার, জয়দেব দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন