
শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবন থেকে হরিণ শিকারের জন্য পেতে রাখা ২৪৬টি ফাঁদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া, চুনকুড়ি ও মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির আওতাধীন বিভিন্ন এলাকা থেকে এসব ফাঁদ জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের অভ্যন্তরে অভিযান চালিয়ে হরিণ শিকারের উদ্দেশ্যে পেতে রাখা দড়ির তৈরি ফাঁদগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে শিকারীরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সূত্র মতে, কলাগাছিয়া বন টহল ফাঁড়ির ফুলখালী খাল এলাকা থেকে ২০০টি, চুনকুড়ি বন টহল ফাঁড়ির চালতেবাড়ি খাল এলাকা থেকে ১৭টি এবং মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ভুতোশিং ও কলুখালী এলাকা থেকে ২৯টি ফাঁদ উদ্ধার করা হয়েছে।
এর আগে বন বিভাগের ধারাবাহিক অভিযানে চলতি বছরের ৯ জানুয়ারি মাহমুদা নদীর বাওনে বারামখালী খাল এলাকা থেকে নৌকার ভেতরে ফাঁদ বহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। এছাড়া ৬ জানুয়ারি কেয়াখালী (নিষিদ্ধ খাল) এলাকা থেকে ৬০টি হরিণ শিকারের ফাঁদ এবং ফাঁদে আটকে থাকা একটি হরিণ উদ্ধার করা হয়।
গত বছরের ২৭ নভেম্বর মরগাং বনাঞ্চল এলাকা থেকে ১৬০টি, ১৩ নভেম্বর মুন্সিগঞ্জ বনাঞ্চল এলাকা থেকে ৪৫টি এবং ১২ অক্টোবর কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন সাপখালী খাল এলাকা থেকে ৬০টি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করে বন বিভাগ।
এ বিষয়ে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান বলেন, উদ্ধারকৃত ফাঁদগুলো ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। সুন্দরবনের বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ রক্ষায় নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে। অবৈধ শিকার বন্ধে বন বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন