উপকূলীয় প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম বলেছেন, জনগণ যদি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে আবারো সংসদে পাঠায়, তবে শ্যামনগরকে অবহেলা ও বঞ্চনা থেকে মুক্ত করে উন্নয়ন ও ন্যায়ের একটি মডেল জনপদে রূপান্তর করবো।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন কৈখালী ইউনিয়ন জামায়াতের আমির রাশিদুল ইসলাম। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাকসুদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ, মাওলানা মইনুদ্দিন মাহমুদ, মাওলানা আমিনুর রহমান প্রমুখ।
গাজী নজরুল ইসলাম বলেন, আমি সংসদ সদস্য থাকাকালীন ভেটখালী–কৈখালী ব্রিজ নির্মাণসহ এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করেছি। সেই সময় রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি বরাদ্দ সুষ্ঠুভাবে বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হয়েছিল।
তিনি বলেন, বর্তমানে এলাকার মানুষ নিরাপত্তাহীনতা, বেকারত্ব ও অব্যবস্থাপনার শিকার। শ্রমজীবী, কর্মজীবী ও অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং গ্রামাঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণই হবে প্রধান লক্ষ্য।

মন্তব্য করুন