মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে বিপ্লব ঘোষ (৩৬) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুল-মধুসূদনপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব ঘোষ একই গ্রামের দুলাল ঘোষের মেজো ছেলে ও দুই সন্তানের জনক।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বিপ্লব ঘোষ। পরে মুকুন্দপুর গ্রামের একটি গাছের ডাল কাটতে গাছে ওঠেন তিনি। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন