
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা অঞ্চলে ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি বাড়াতে এবং গ্রাহকদের আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) সাতক্ষীরা শাখায় আনুষ্ঠানিকভাবে এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় ফিতা কেটে এই বুথের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগের মহাব্যবস্থাপক আবু হাশেম মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস এম কাইয়ুম, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. জিহাদুল ইসলাম, সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক সুকদেব পাল, মুখ্য আঞ্চলিক কার্যালয়ের এজিএম রুহুল কুদ্দুস, মুখ্য কর্মকর্তা মো. মোস্তাসিম বিল্লাহ, ঊর্ধ্বতন কর্মকর্তা কাজী মাসুদুল হক ও জোহর আলি, কর্মকর্তা বিপ্লব দে, অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, সাতক্ষীরা অঞ্চলে কৃষি ব্যাংকের পক্ষ থেকে এটিই প্রথম এটিএম বুথ সেবা। এর মাধ্যমে ব্যাংকের সাধারণ গ্রাহক ও কৃষকেরা দিনরাত ২৪ ঘণ্টা টাকা উত্তোলনসহ আধুনিক ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবেন।

মন্তব্য করুন