রিজাউল করিম: লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৮) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২৬) এর বাড়িতে চলছে শোকের মাতম।
এদের মধ্যে শফিকুল ইসলাম ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর একমাত্র ছেলে এবং নাহিদুল ইসলাম আশাশুনির কাদাকাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরাতে মাত্র দুই মাস আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন তাঁরা।
শফিকুলের প্রতিবেশী ও ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ জানান, গত ২০ রমজান অনেক স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন শফিকুল। তিনি মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। নাহিদুল ও শফিকুলের বাড়িতে কান্নার রোল পড়েছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের বাতাস। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা।
ধুলিহর ইউপি সদস্য ফারুক হোসেন মিঠু জানান, গত ২০ রমজান অনেক স্বপ্ন নিয়ে লেবানন গিয়েছিলেন শফিকুল। পরিবারের সুদিন ফেরানোর লড়াই শুরুর আগেই এভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না।
ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, পরিবার দুটি অত্যন্ত অসহায়। ঋণ করে বিদেশে গিয়েছিলেন তারা। তাদের মৃত্যুতে এখন পরিবার দুটি অর্থনৈতিক ও মানসিকভাবে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে।
এদিকে, সমবেদনা জানাতে মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। এসময় তিনি পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন।
মন্তব্য করুন