ডেস্ক রিপোর্ট: বৈশ্বিকভাবে চাঁদ দেখার ভিত্তিতে আরবি মাসের একই তারিখ অনুসরণ করে পটুয়াখালীর অন্তত ৩০টি স্থানে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।
বুধবার (২৭ মে) সকাল আটটায় দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফসহ জেলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানি করেন এবং একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনিপাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, সাবুপুরা ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার লালুয়া, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, উত্তর লালুয়া, মাঝিবাড়ি, টিয়াখালী, ইটবাড়িয়াসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা এ ঈদ জামাতে অংশ নেন। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ভোর থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা জামাতস্থলে জড়ো হন।
দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনির ইমামতিতে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে কোরবানি কার্যক্রম শুরু হয়।
আয়োজকরা জানান, বৈশ্বিকভাবে কোথাও চাঁদ দেখা গেলে সেই তথ্য নিশ্চিত হওয়ার ভিত্তিতে তারা একই আরবি তারিখ অনুসরণ করে রোজা, ঈদ ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে থাকেন।
বদরপুর দরবার শরীফ কর্তৃপক্ষ জানায়, ১৯২৮ সাল থেকে এ অঞ্চলের কিছু মানুষ বৈশ্বিক চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন। তাদের মতে, পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে একই আরবি তারিখ অনুসরণ করে মুসলিম উম্মাহর একযোগে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা উচিত। এতে বিশ্ব মুসলিমের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।
দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি বলেন, মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা দীর্ঘদিন ধরে বৈশ্বিক চাঁদ দেখার ভিত্তিতে ঈদ পালন করছি। একই দিনে ঈদ উদযাপনের মাধ্যমে বিশ্ব মুসলিমের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা প্রধানমন্ত্রীর কাছে বৈশ্বিক আরবি তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে একযোগে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি। একই দিনে রোজা, ঈদ ও কোরবানি পালন মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি।
মন্তব্য করুন