আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির শর্ত মানতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হচ্ছে বলে তীব্র ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এই চুক্তি লঙ্ঘনের জন্য ওয়াশিংটনকে ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানি স্পিকার সরাসরি মার্কিন নীতি ও পদক্ষেপের সমালোচনা করেন।
গালিবাফ তার পোস্টে উল্লেখ করেন, ইরানি বন্দরগুলোর ওপর অন্যায়ভাবে আরোপিত নৌ অবরোধ অব্যাহত রাখা এবং লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়াটাই প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তিনি লিখেছেন, নৌ অবরোধ বজায় রাখা এবং লেবাননে গণহত্যাকারী জায়নবাদী শাসনের যুদ্ধাপরাধ বৃদ্ধিই যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ। প্রতিটি ভুল সিদ্ধান্তের একটি নির্দিষ্ট মূল্য থাকে এবং তা একসময় পরিশোধ করতেই হয় উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, এভাবে চলতে থাকলে যুক্তরাষ্ট্রকে এর জন্য চরম পরিণতি ভোগ করতে হবে এবং শেষ পর্যন্ত সব পরিস্থিতি সবার সামনে স্পষ্ট হয়ে যাবে। ইরান শুরু থেকেই দাবি করে আসছে, এই যুদ্ধবিরতি কার্যকর রাখতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে বাস্তবায়ন করতে হবে।
এদিকে পারমাণবিক চুক্তি ও চলমান পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাইও দেশের অবস্থান পরিষ্কার করেছেন।
এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচির বিস্তারিত কোনো বিষয় নিয়ে আলোচনা চলছে না। পারমাণবিক ইস্যুতে ঠিক কখন পদক্ষেপ নিতে হবে তা ইরানের জানা আছে উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে তাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে চলমান যুদ্ধের অবসান ঘটানো। বাঘাইও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের একই অভিযোগ এনে দাবি করেন যে, এমনকি সোমবার সকালেও চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন