
ডেস্ক রিপোর্ট: ওয়ানডে সিরিজে দাপট দেখানো বাংলাদেশকে চট্টগ্রামে খুঁজেই পাওয়া যাচ্ছে না! টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যে হাতছাড়া করেছে তাওহীদ হৃদয়ের দল। রোববার সিরিজের শেষ ম্যাচে অন্তত হোয়াইটওয়াশ সুযোগ বাংলাদেশের সামনে।
কিন্তু অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে রীতিমতো খাবি খেতে হয়েছে দলকে। তাওহীদ হৃদয়ের বীরত্বে কোনো রকমে ১১০ রানের লক্ষ্য দিতে পেরেছে লাল-সবুজ জার্সিধারীরা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিক বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভারে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।
ইনিংসের দ্বিতীয় ওভারে স্পেনসার জনসনের অফ স্টাম্পের বাইরে লেংথ বল পেয়ে সাইফ হাসান জোরে ড্রাইভ করেন। বল সোজা বোলারের দিকে ফিরে যায়, জনসনের হাতে হালকা স্পর্শ লেগে তা স্টাম্পে আঘাত করে।
প্রথমে মনে হয়েছিল তানজিদ সময়মতো ক্রিজে পৌঁছে গেছেন। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, ব্যাট লাইন ছোঁয়ার আগেই স্টাম্প ভেঙে গেছে। দুর্ভাগ্যজনক রানআউটে ফিরতে হয় তানজিদকে।
এরপর একই ওভারের পঞ্চম বলে স্লো ডেলিভারি করেন জনসন। তার ধীরগতির অফ স্টাম্পের বাইরের ফুল লেংথের বলকে বড় শট খেলতে চেয়েছিলেন সাইফ। তবে টাইমিং ঠিক হয়নি। মিড অফে মিচেল মার্শ সহজ ক্যাচ নিয়ে সাইফকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে দেন।
এই দুই উইকেট পতনের পর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখে সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখেছেন তাওহীদ।
নুরুল হাসানের সঙ্গে ২৩, রিশাদের সঙ্গে ২৬, শরীফুলের সঙ্গে ২১ এবং নবম উইকেটে তাসকিনের সঙ্গে অবিচ্ছিন্ন ২৩ রানের জুটিতে স্কোরবোর্ডে ১০৯ রান তুলতে পারেন তাওহীদ। ১০৯ রানের মধ্যে তাওহীদ নিজেই খেলেছেন অপরাজিত ৬১ রানের ইনিংস। ৫১ বলে ৩ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান এই মিডল অর্ডার ব্যাটার।
বাকি ব্যাটারদের মধ্যে কেবল রিশাদই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। তিনি ১৪ বলে করেন ১৬ রান। অতিরিক্ত খাত থেকে ১০ রান না এলে বাংলাদেশের স্কোর ১০০ রানের নিচেই থাকত।
অনেক দিন পর সুযোগ পাওয়া নুরুল হাসান সোহান ব্যর্থ হয়েছেন। ৮ বলে ৬ রান করেছেন তিনি। এই সিরিজে পুরোপুরি ব্যর্থ হার্ডহিটার ব্যাটার শামীম হোসেন। তিন ম্যাচে তার রান ১, ৭ ও ০। আজ ৬ বলে শূন্য রানে আউট হয়েছেন তিনি।
সব মিলিয়ে ব্যাটারদের ব্যর্থতার পর তাওহীদের দৃঢ়তায় কোনো রকমে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান করতে পেরেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন। বাঁহাতি স্পিনার নিখিল চৌধুরি নেন একটি উইকেট।
মন্তব্য করুন