
ডেস্ক রিপোর্ট: রাত জেগে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছেন। নরওয়ের কাছে ২-১ গোলের হারের কষ্টটা তাই বুকে বিঁধেছিল কাঁটার মতো।
ফেসবুকে লিখেছেন ‘দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না’। এরপর নিজেই যে হারিয়ে যাবেন-সে কথা কে জানতো?
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বাঁশখালীর দারোগা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় জুয়েল রানা (২৫) নামের ওই যুবকের।
জুয়েল চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চরিত্যা পাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে। সকালে বাঁশখালী উপজেলা সদরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চাম্বল ইউনিয়নের সিকদার দোকান এলাকা থেকে প্রতিদিনের মত নিজ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেন জুয়েল। তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা দারোগা বাজার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়।
এলাকার ফুটবলার বাপ্পারাজ তালুকদার জানান, ‘জুয়েল ভালো ফুটবল খেলতো। কয়েকদিন আগেও চাম্বল মাঠে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। আজ সে নেই, মেনে নিতে খুব কষ্ট হচ্ছে’।
জুয়েলের ছোট ভাই মো.আরাফাত জানান, ‘সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ বাড়িতে আনা হয়েছে। পারিবারিক কবরস্থানে দাফন করা হবে’।
মন্তব্য করুন