
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা দিয়ে আমদানি করা ১২ কার্টন (প্রায় ৩৬০ কেজি) ভারতীয় ইলিশ মাছ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমস সূত্র জানায়, গত ২২ জুলাই ভারত থেকে স্বর্ণালী এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৪৬৪ প্যাকেজে মোট ২৬ হাজার ৩১০ কেজি (গ্রস) এবং ১৩ হাজার ৮৬৪ কেজি (নিট) ওজনের সাদা মাছ আমদানি করে। যার সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে দায়িত্বে রয়েছে সাউন্ড শিপিং লাইনস লিমিটেড।
বেনাপোল কাস্টমসের সুপারিনটেনডেন্ট আরিফুল ইসলাম বলেন, কায়িক পরীক্ষার সময় ঘোষণায় উল্লিখিত সাদা মাছের পরিবর্তে ১২ কার্টনে ৩৬০ কেজি ইলিশ মাছ পাওয়া যায়। ঘোষণাবহির্ভূত হওয়ায় মাছগুলো জব্দ করা হয়েছে। এগুলো কাস্টমস হেফাজতে রয়েছে এবং বিধি অনুযায়ী অচিরেই নিলামে বিক্রি করা হবে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এ ধরনের ঘটনা রোধে বন্দর এলাকায় কাস্টমসের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। বারবার একই ধরনের অনিয়মের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
মন্তব্য করুন