
উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের নেতা মুজিবুর রহমান ঢালীর (৬০) পথরোধ করে লোহার রড ও পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বংশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুজিবুর রহমান ঢালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সকাল ১০টায় উপজেলা জামায়াত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের নেতা মুজিবুর রহমান ঢালী নিজ ঘের থেকে বংশীপুর মোড় হয়ে বাড়ি ফিরছিলেন। পথে বংশীপুর এলাকায় বিএনপি সমর্কব বাবু, বাবু গুটি, মনাসহ ৫-৬ জন ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় মোটরসাইকেলের চাবি নিয়ে তাকে লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়।
হামলায় আহত হয়ে মুজিবুর রহমান ঢালী সড়কে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হামলায় তার মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন মুজিবুর রহমান ঢালী বলেন, ঘটনার আগে অভিযুক্তদের সঙ্গে তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না।
এদিকে, হামলার প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফজলুল হকের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ, সাইদী হাসান বুলবুল, শহিদুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন