
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বহেরা বাজারে গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদার বুধবার (১২ আগস্ট) সন্ধ্যার পর অসুস্থতাজনিত কারণে আশাশুনি উপজেলায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আশাশুনি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মৃত্যুর পর রাতেই তার মরদেহ দেবহাটা উপজেলার বহেরা গ্রামের পৈতৃক বাসভবনে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে বহেরা বাজারে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, কুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুর মোহাম্মদ, ডেপুটি কমান্ডার জামাত আলী প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদার বহেরা গ্রামের মৃত শামসুল হক সরদারের ছেলে। সাতক্ষীরা পুলিশ লাইনের এসআই (সশস্ত্র) মনিরুজ্জামানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য তাকে গার্ড অব অনার প্রদান করেন।
মন্তব্য করুন