
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের খড়িতলা গ্রামে সরকারি রাস্তার পাশের গাছ অনুমতি ছাড়াই কর্তন এবং সড়কের ঢাল থেকে মাটি সরিয়ে ব্যক্তিগত জমিতে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারি সম্পদ রক্ষা ও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লিখিত অভিযোগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, খড়িতলা গ্রামের মধ্য দিয়ে যাওয়া পাকা সড়কের পাশে থাকা কয়েকটি বড় নিম ও কুলগাছ অনুমতি ছাড়াই কেটে ফেলেছেন টেংরামারী গ্রামের মৃত কুরবান শেখের ছেলে আব্দুল আজিজ শেখ এবং মৃত মুর্শিদ গাজীর ছেলে আকরাম হোসেন।
স্থানীয়দের অভিযোগ, সরকারি গাছ কাটতে নিষেধ করা হলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে গাছ কাটার কাজ চালিয়ে যান। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মো. বাবু গাজীকে জানানো হলে তিনিও অভিযুক্তদের সরকারি গাছ কাটতে নিষেধ করেন। তারপরও কর্ণপাত করেননি তারা।
এ ছাড়া সরকারি সড়কের পাশের ঢাল থেকে মাটি কেটে ব্যক্তিগত জমিতে নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এতে রাস্তার ঢাল খাড়া হয়ে যাওয়ায় সড়কের স্থায়িত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে গেলে স্থানীয় রুহুল আমিন, নূর আলী মোড়ল, আকবর মিস্ত্রি, রাজ্জাক পাড়, মোশারফ হোসেন, জিন্নাত হোসেন, হাবিবুর রহমান, সবুর গাজী, আবুল কালাম গাজী, রবিউল্লাহ, শহীদ মোড়ল, হাবিব মোড়ল ও গফুর মোড়লসহ শতাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয় বাসিন্দারা বলেন, সরকারি রাস্তার পাশের গাছ ও সড়কের মাটি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পদ নয়। এগুলো সরকারি ও জনসাধারণের সম্পদ। অনুমতি ছাড়া গাছ কাটা কিংবা সড়কের মাটি সরিয়ে নেওয়া হয়ে থাকলে তা সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি সড়কের স্থায়িত্ব ও জননিরাপত্তার ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে।
তারা আরও বলেন, সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব প্রশাসনের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও রয়েছে। তাই জনস্বার্থ ও সড়কের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।
মন্তব্য করুন