
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে এবং জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল ও পুরুস্কারপ্রাপ্ত মৎস্য চাষী জাহাঙ্গীর হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য উৎপাদন দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করতে মৎস্যচাষী, ব্যবসায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জলাশয় ও মৎস্যসম্পদের সুরক্ষা নিশ্চিত করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে এবং দেশের অর্থনীতিতে এর অবদান বাড়বে।
অনুষ্ঠানে দেশের মৎস্য খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা এবং উৎপাদন বৃদ্ধিতে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব মৎস্যচাষে চাষীদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা সভা শেষে মৎস্যচাষ ও উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিসরূপ খামারীদের পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য করুন