
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানকে বদলি করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) তাকে সদর থানা থেকে প্রত্যাহার করে সাতক্ষীরা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এদিন বিকেলে তাকে প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ চলাকালেই তার বদলির খবর আসে।
সাতক্ষীরা জেলা ছাত্রদলের ব্যানারে বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা নিউ মার্কেট এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদ এবং সদর থানার ওসি মাসুদুর রহমানের প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে জেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম।
সমাবেশ চলাকালে ওসি মাসুদুর রহমানকে সাতক্ষীরা পুলিশ লাইনে বদলির সংবাদ পৌঁছালে নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানান। এ সময় তারা স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আমিনুর রহমান বলেন, সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমানকে সাতক্ষীরা পুলিশ লাইনে নিয়মিত বদলি করা হয়েছে। সদর থানায় এখনও নতুন কাউকে দেওয়া হয়নি।
এর আগে গত ১৩ আগস্ট সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পীসহ একাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সেদিন বিকেল ৫টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা সাতক্ষীরা সদর থানার সামনে গিয়ে সমাবেশ করেন। সমাবেশ থেকে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে ১৬ আগস্ট পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়।
এর ধারাবাহিকতায় আজ ওসি মাসুদুর রহমানের প্রত্যাহারের দাবিতে আবারও বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। তবে সমাবেশ চলাকালেই তার বদলির খবর আসে।
মন্তব্য করুন