
শ্যামনগর প্রতিনিধি: বাড়ির উঠানে নিত্যদিনের কাজ করছিলেন লাইলী বেগম (৩৫)। কাজের ফাঁকে গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে বাড়ির পাশের পুকুরপাড়ে যান তিনি। সেখানে লগি দিয়ে গাছের ডাল ভাঙছিলেন। মুহূর্তেই ঘটে যায় বিপত্তি- অসাবধানতাবশত পুকুরে পড়ে যান লাইলী। স্বজনেরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষরক্ষা হয়নি। লাইলীর দেহ নিথর হয়েই ফেরে বাড়িতে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের উত্তর আটুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। লাইলী বেগম ওই গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী।
লাইলীর দেবর রফিকুল ইসলাম জানিয়েছেন, বাড়িতে থাকা গরু-ছাগলের জন্য গাছের পাতা খাওয়ানোর জন্য পুকুরের পাশের একটি জীবলি গাছ থেকে ডাল ভাঙতে গিয়েছিলেন ভাবি। হঠাৎ পুকুরে পড়ে যান। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। যে নারী কিছুক্ষণ আগেও পরিবারের গবাদিপশুর জন্য পাতা সংগ্রহ করছিলেন, তাঁর নিথর দেহই শেষ পর্যন্ত ফিরে আসে বাড়িতে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নারীর লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন