
উপকূলীয় প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট মঠের চকে কৃষকের চাষাবাদে ব্যবহৃত দুটি পাওয়ার ট্রিলার পূর্ব শত্রুতার জেরে বিলের পুকুরে ফেলে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে।
বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিয়ে ভুক্তভোগী ঈশ্বরীপুর পশ্চিম ধুমঘাট গ্রামের সন্তোষ কুমার মন্ডলের ছেলে প্রকাশ চন্দ্র মন্ডল বাদী হয়ে একই এলাকার রবী মন্ডলের ছেলে জগদীশ মন্ডল, গৌরপদ মন্ডলের ছেলে জয়দেব মন্ডল, পতিরাম মন্ডলের ছেলে প্রদীপ মন্ডল, শিবপদ মন্ডলের ছেলে মিলন মন্ডলসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে প্রকাশ চন্দ্র মন্ডল উল্লেখ করেন, ১৯ আগস্ট রাত ২টায় দিকে প্রকাশ ও তার স্ত্রী দীপালি প্রতিদিনের ন্যায় পাওয়ার ট্রিলার দিয়ে চাষাবাদের জন্য বিলে যায়। এ সময় তারা জগদীশ, জয়দেব, প্রদীপ, মিলনসহ ২/৩ জনকে তাদের পাওয়ার ট্রিলারের যন্ত্রাংশ খুলে নিয়ে পাওয়ার ট্রিলার দুটি দুই পুকুরে ফেলে দিতে দেখেন। এ সময় তাদের নিকট দেশীয় অস্ত্র থাকায় প্রকাশ ও তার স্ত্রী তাদের ধাওয়া করতে পারেননি । পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সহযোগিতায় বিলের পুকুর থেকে পাওয়ার ট্রিলার দুটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে প্রকাশ মন্ডল বলেন, আমি একজন গরীব কৃষক। অনেক কষ্ট করে দুটি পাওয়ার ট্রিলার ক্রয় করে স্ত্রীকে সাথে নিয়ে ধুমঘাট মাঠসহ বিভিন্ন স্থানের বিলে ধান চাষাবাদের জন্য কাজ করি। পূর্ব শত্রুতার জের ধরে জগদীশ , জয়দেব, প্রদীপ ও মিলন আমার ক্ষতিসাধন করছে। আমার আনুমানিক ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি বিষয়টি নিয়ে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে প্রাক্তন ইউপি সদস্য মোঃ সাইদুল ইসলাম বলেন , বিষয়টি খুবই দুঃখ জনক । প্রশাসনের নিকট অনুরোধ করব এ ঘটনার সাথে যারা জড়িত, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ বিষয়ে অভিযুক্ত জগদীশ বলেন, ঘটনার বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। প্রকাশের সাথে আমাদের একটি মামলা চলমান। আমাদেরকে নতুন করে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন , অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন