
শ্যামনগর প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হাফেজ মাওলানা মনিরুল ইসলামকে সভাপতি এবং সহকারী অধ্যাপক এস এম আবু দাউদকে সেক্রেটারি করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় শ্যামনগর কেন্দ্রীয় কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা দক্ষিণ শাখার সভাপতি মোঃ আবদুল হাই সিদ্দীকী, সহসভাপতি উপাধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক, জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার ফয়জুল্লাহ ও প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের।
এ ছাড়া সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল্লাহ, সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ দ্বীনি সংগঠন শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মুহাদ্দিস খাইরুল বাশার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সহসভাপতি মুফতি জিয়াউর রহমান ফারুকী, সহকারী সেক্রেটারি মুফতি হাফিজুর রহমান, যুব আন্দোলনের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ এবং ইসলামী ছাত্র আন্দোলন শ্যামনগর উপজেলা শাখার সেক্রেটারি আবু নাঈম জাকারিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, চলমান কর্মসূচি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
কমিটিতে হাফেজ মাওলানা মনিরুল ইসলামকে সভাপতি, সহকারী অধ্যাপক ওমর ফারুক ও মোঃ ওয়াজেদ আলীকে সহসভাপতি, সহকারী অধ্যাপক এস এম আবু দাউদকে সেক্রেটারি এবং হাফেজ মাওলানা আবু ইউসুফকে সহকারী সেক্রেটারি করা হয়েছে।
পরে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ পাঠ করান সম্মেলনের প্রধান অতিথি মাওলানা লোকমান হোসেন জাফরী। শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটির নেতারা সংগঠনের নীতি, আদর্শ ও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহাদ্দিস খাইরুল বাশার। মোনাজাতে দেশ, জাতি, উম্মাহ ও সংগঠনের কল্যাণ কামনা করা হয়।
মন্তব্য করুন