
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ভোরে হাটতে বের হয়ে পরিবহন চাপায় প্রাণ গেছে রহিমা খাতুন (৫৫) নামে এক পথচারীর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।
বাঁশঘাটা গ্রামের শরিফুল ইসলাম জানান, তার মা রহিমা খাতুন বৃহস্পতিবার ভোরে হাঁটতে বের হন। এর কিছুক্ষণ পরেই তিনি খবর পান যে তার মায়ের লাশ সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ের নিকটবর্তী এলাকায় রাস্তার উপর পড়ে আছে। ঘটনাস্থলে যেয়ে তিনি তার মায়ের মাথা থেতলানো ও দুই হাত ভাঙা অবস্থায় দেখতে পান। রাস্তা পার হওয়ার সময় কোন দ্রুতগামী বাস বা ট্রাক তার মাকে চাপা দিয়ে চলে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তিনি।
এদিকে, শরিফুল ইসলামের বোন গণমাধ্যমকে জানান, তার মা মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন