
আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়ন ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত বাঁকা ব্রিজ। ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়ায় ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ভারী যানবাহন চলাচল। এতকিছুর পরেও ব্রিজটি পুনর্নিমাণে কোনো দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে রয়েছে দুই জেলার হাজার হাজার মানুষ।
ব্রিজটি দিয়ে প্রতিদিন খুলনার পাইকগাছা উপজেলা ও সাতক্ষীরা জেলার অসংখ্য মানুষ যাতায়াত করেন। শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলের অন্যতম মাধ্যম এটি। আশাশুনি দরগাহপুর ইউনিয়নের ২৪টি গ্রামের মানুষের খুলনা বা পাইকগাছায় যাতায়াতের একমাত্র মাধ্যম বাঁকার এই ব্রিজ। এছাড়াও রাড়ুলী ইউনিয়নের বহু শিক্ষার্থী এই ব্রিজ পেরিয়ে দরগাপুর কলেজে যায়।
খুলনার দূরত্ব বেশি হওয়ায় উন্নত চিকিৎসা, শিক্ষাসহ নানা কাজে পাইকগাছা থেকে সাতক্ষীরা অভিমুখী মানুষকে চলতে হয় এই ব্রিজ দিয়ে। কোনমতে টিকে থাকা ব্রিজটির সংযোগ সড়কের একাংশ ভেঙে পড়েছে। পাশের মাটি ধসে গিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যানবাহন চলাচল বন্ধ করা হলেও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিয়ে শঙ্কা কাটেনি। ব্রিজটি ভেঙে পড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
দরগাপুর কলেজিয়েটের প্রভাষক শেখ আশিক বলেন, ব্রিজটির দুরবস্থা নিয়ে বিভিন্ন সময় পত্র-পত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্থানীয় প্রশাসনসহ পাইকগাছা ও আশাশুনি উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলেও এখন পর্যন্ত নতুন সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি।
দরগাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল বলেন, গুরুত্বপূর্ণ দুটি জেলার সংযোগস্থলের এই ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা অত্যন্ত উদ্বেগজনক। ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। কোনো দুর্ঘটনা ঘটার অপেক্ষা না করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পুরোনো সেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণ করা জরুরি।
বাঁকা বাজারের পান ব্যবসায়ী আব্দুল কুদ্দুস বলেন, সাতক্ষীরা ও খুলনা জেলার হাজার হাজার মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাঁকা বাজার ব্রিজটি নতুন করে নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।
ব্রিজটির সংস্কার বা পুনর্নির্মাণ সম্পর্কে সাতক্ষীরার আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
খুলনার পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, বড় ধরনের সেতু বা ব্রিজগুলো সংস্কার বা নতুন করে নির্মাণ মূলত এলজিইডির বিষয়। আশা করি উনারা গুরুত্ব সহকারে বিষয়টি দেখবেন। আর জনসাধারণের ঝুঁকি লাঘবে যতটুকু করা যায় আমরা দ্রুত সময়ে সেটা করার চেষ্টা করব।

মন্তব্য করুন