
ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে মারপিটে আহতদের প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আশাশুনি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আশাশুনি গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে মুরশিদ আলম।
তিনি বলেন, আমার বড় ভাই খায়রুল আলম সোদকনা গ্রামে বসবাস করে। তার সাথে একই গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে মেহের আলীর জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী জমির সীমানায় প্রাচীর নির্মাণের কাজ চলছিল। এ ঘটনার জের ধরে গত রবিবার (২৭ এপ্রিল) বিকাল ৫টায় মেহের আলীর নেতৃত্বে তার লোকজন এসে প্রাচীর ভাঙচুর করতে থাকে। আমার ভাই বাড়িতে না থাকায় আমার ভাবী বাঁধা সৃষ্টি করলে তাকে পিটিয়ে জখম করা হয়। খবর পেয়ে আমি ও আমার ভাই খায়রুল আলম, ভাইপো আসিফ ইকবাল, খোরশেদ আলম, সাকিব, যুবরাজ, ভ্যানচালক আরাফাত হোসেন সেখানে উপস্থিত হলে আমাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে দেয়। এরপর তারা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। তাদের মারপিটে ভ্যানচালক আরাফাত ও মন্টুসহ আমাদের পরিবারের ৯জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহতাবস্থায় আসিফ ইকবাল, খায়রুল আলম ও আমাকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অন্যান্যদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আশাশুনি থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হলে তারা ক্ষিপ্ত হয়ে এজাহার তুলে নিতে জীবন নাশের হুমকি দেয়। তাছাড়া আমরা হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে তারা প্রতি রাতে আমার বড় ভাইয়ের বাড়িতে এসে মহিলাদের ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন ধরনের মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি।
মন্তব্য করুন