
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মেহেদী হাসান, জেলা নির্বাচন অফিসার হযরত আলী ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান।
বক্তারা বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানে তরুণরাই নেতৃত্ব দিয়েছে। তরুণরাই আগামীর দিক নির্দেশক। জুলাই গণঅভ্যুত্থানের পরে যখন পুলিশ ছিলো না তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে। তারা নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে। তরুণদের কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে হবে।
বক্তারা আরো বলেন, তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে তরুণদের আধুনিক প্রযুক্তির সক্রিয়তা ও বিকাশকে কাজে লাগাতে হবে। নিজেদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তরুণরাই বিশ্বের বুকে বাংলাদেশের নেতৃত্ব দেবে।
মন্তব্য করুন