
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের খুব্দিপুর গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে মো. মনিরুল ইসলাম (২৭) কে ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। দেশে ফিরে ভুক্তভোগী মনিরুল ইসলাম একই ইউনিয়নের গনেশপুর গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে কেনার বিরুদ্ধে ১১ লাখ টাকা আত্মসাতসহ তার সাথে প্রতারণার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, শফিকুল ইসলাম ওরফে কেনা এবং তার স্ত্রী মরিয়ম খাতুন মনিরুল ইসলামকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ১১ লাখ টাকা হাতিয়ে নেন।
মনিরুল ইসলাম জানান, ২০২৩ সালে শফিকুল ও মরিয়ম তাকে ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দেন। চুক্তি অনুযায়ী, তিনি তাদের কাছে ১১ লাখ টাকা প্রদান করেন। পরবর্তীতে শফিকুল তাকে লিবিয়ায় নিয়ে যান, কিন্তু প্রতিশ্রুত অনুযায়ী ইতালি পাঠানোর ব্যবস্থা না করে সেখানে তাকে আটকে রাখেন এবং অতিরিক্ত ৪ লাখ টাকা দাবি করেন। তিনি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে টাকা প্রদানের প্রস্তাব দিলে শফিকুল রাজি হননি। লিবিয়ায় অবস্থানকালে তিনি চরম দুর্ভোগের শিকার হন এবং ১১ মাস পর দেশে ফিরে আসেন।
দেশে ফিরে তিনি শফিকুল ও তার স্ত্রীর সঙ্গে টাকা ফেরতের বিষয়ে যোগাযোগ করলে তারা অশোভন আচরণ ও প্রাণনাশের হুমকি দেন।
মনিরুলের অভিযোগ, তার টাকা ব্যবহার করে শফিকুল নিজের ছেলে ও শ্যালককে ইতালি পাঠিয়ে দিয়েছেন। স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম বিদেশে লোক পাঠানোর নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন