বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
১ জুন ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লোকালয়ে ব্যবহৃত প্লাস্টিক-পলিথিনের অন্তিম গন্তব্য সুন্দরবন, হুমকিতে প্রাণবৈচিত্র্য 

oplus_2

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন শ্যামনগর উপকূলীয় এলাকায় সামাজিক আচার-অনুষ্ঠান, বনভোজন এবং খাবারের দোকানে বেড়েছে প্লাস্টিকের ওয়ান টাইম বাসনকোসনের ব্যবহার। যা ব্যবহারের পর ফেলে হচ্ছে সুন্দরবন উপকূলের নদ-নদী ও খালে। এতে ছড়াচ্ছে দূষণ, বিষিয়ে উঠছে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি।

হালকা, সহজে পরিবহনযোগ্য ও সস্তা হওয়ায় অনেকে খাবারের প্লেট থেকে চায়ের কাপ সবকিছুতেই ওয়ান টাইম পণ্য ব্যবহার করছেন। এছাড়া পরিষ্কার করার ঝামেলা থেকে রেহাই পেতেও মানুষ বেছে নিচ্ছেন পরিবেশের জন্য ক্ষতিকর এই পণ্য। তবে, ব্যবহারের পর এসব ওয়ান টাইম প্লাস্টিকের তৈজসপত্র ফেলা হচ্ছে যত্রতত্র। আর উপকূলীয় এলাকা হওয়ায় নদ-নদী বেয়ে তা চলে যাচ্ছে সুন্দরবনে।

দেশের উপকূলীয় এলাকার হোটেল ও রেস্তোরাঁয় একবার ব্যবহারের পর বর্জ্য হয়ে যায় এমন প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধের নির্দেশনা আছে হাইকোর্টের। কিন্তু, নির্দেশনা অনুযায়ী পরিবেশ অধিদপ্তর যথাযথ ব্যবস্থা না নেওয়ায়, এটি দিনদিন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি সরজমিনে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, হরিনগর, নীলডুমুর ও রমজাননগর এলাকা ঘুরে দেখা যায়, সুন্দরবনের নদ-নদীতে খাবার কাজে ব্যবহৃত ওয়ান টাইম প্লেটের পাশাপাশি অপচনশীল প্লাস্টিকের বোতলের ছড়াছড়ি। এছাড়া চানাচুর, চিপস, বিস্কুটসহ নানা প্রকার খাদ্য সামগ্রীর প্যাকেট ও পলিথিন রয়েছে ভাসমান বস্তুর তালিকায়।

স্থানীয়রা জানান, এসব এলাকায় বসবাসকারীদের মধ্যে প্লাস্টিকের একবার ব্যবহারযোগ্য প্লেট ও গ্লাসের ব্যবহার বেশ বৃদ্ধি পেয়েছে। সামাজিক ও পারিবারিক সকল অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয় বাজারসমূহে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক-পলিথিন। ব্যবহারের পর পরিত্যক্ত সেসব প্লাস্টিক-পলিথিন নানাভাবে সুন্দরবনের নদী ও খালে ফেলা হচ্ছে। পরক্ষণে জোয়ার-ভাটার সুযোগে পরিত্যক্ত এসব বস্তুসমূহ সুন্দরবনসহ আশপাশের নদ-নদীতে ছড়িয়ে পড়ছে। এতে সুন্দরবন ও তদসংলগ্ন নদ-নদী-খাল মারাত্মকভাবে দূষণের শিকার হচ্ছে। ঝুঁকিতে পড়ছে স্থানীয় প্রাণ-বৈচিত্র্য।

স্থানীয়রা আরও জানান, নদীতে অনেক সময় পলিথিনে আটকে মাছ ও কচ্ছপ মারা যাচ্ছে। তাছাড়া অপচনশীল এসব বর্জ্যের আধিক্যে সুন্দরবনের চর ও ফাঁকা জয়গায় গাছপালা গজানোর হার কমে গেছে।

প্লাস্টিক-পলিথিনের সুন্দরবন যাত্রা 
গত ২০ বছর ধরে সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে মাছের পোনা ধরে সংসার চালান জহুরা বিবি। তিনি বলেন, জালে মাছের পরিবর্তে পলিথিন উঠে আসে। আজ থেকে পাঁচ বছর আগেও এমন ছিল না। লোকালয়ে এখন পলিথিনের ব্যবহার বেড়েছে। ব্যবহার শেষে তারা নির্দিষ্ট স্থানে না পেলে যেখানে সেখানে ফেলে দেয়। সেগুলোই পরে নদীতে এসে পড়ে।

নীলডুমুর এলাকার মাসুম বিল্লাহ, আলামিন ও সুমনসহ কয়েকজন জানান, সেখানকার সুশৃঙ্খল একটি বাহিনীর অফিসসহ নীলডুমুর বাজারের সমস্ত পরিত্যক্ত প্লাস্টিক-পলিথিন খোলপেটুয়া নদীতে ফেলা হয়। বর্জ্য ব্যবস্থাপনার সুযোগ না থাকার পাশাপাশি স্থানীয়দের অসচেতনতাও এমন পরিস্থিতির জন্য দায়ী বলে মত দেন তারা।

নীলডুমুর বাজারের ব্যবসায়ী আল-আমিন হোসেন জানান, এখন মানুষ প্রায় সব কাজে প্লাস্টিক ও পলিথিন ব্যবহার করে। সুন্দরবন ভ্রমণে আসা লোকজন তার ব্যতিক্রম নয়। বাজারে বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা না থাকায় প্রতিদিনের পরিত্যক্ত প্লাস্টিক-পলিথিন ঝাড়ু দিয়ে নদীতে ফেলা দেয়। এছাড়া উপকূলবর্তী প্রতিটি পরিবার অনুষ্ঠানাদী সম্পন্ন করে সমুদয় বর্জ্য প্লাস্টিক প্লেট-গ্লাস-কাপ-পলিথিন পার্শ্ববর্তী নদীতে ফেলে বলেও তিনি স্বীকার করেন।

জলবায়ু কর্মী এসএম শাহিন আলম বলেন, শ্যামনগরের বিভিন্ন এলাকায় ব্যবহৃত ওয়ান টাইম প্লাস্টিক ও পলিথিন লোকালয় থেকে খাল ও নদীগুলো দিয়ে সুন্দরবনে প্রবেশ করছে। বিশেষ করে সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, হরিনগর, কৈখালী, রমজাননগর, আটুলিয়া, পদ্মপুকুর ও গাবুরা এলাকার ওয়ান টাইম প্লাস্টিক ও পলিথিন কপোতাক্ষ, খোলপেটুয়া, মালঞ্চ, চুনকুড়ি ও মাদার নদী দিয়ে সুন্দরবনে যাচ্ছে। এর প্রভাব খুবই মারাত্মক। এ হুমকি ঠেকাতে ওয়ান টাইম প্লাস্টিক পণ্যের বিকল্প দরকার।

মাছের পেটেও পাওয়া যায় পলিথিন
সুন্দরবনের মাছ কেনাবেচার সঙ্গে জড়িত নীলডুমুর বাজারের ব্যবসায়ী শরিফ হোসেন বলেন, ইতোপূর্বে তিনি কাইন ও লাউ ভোলা মাছের পেটের মধ্যে পলিথিন পেয়েছেন। পলিথিনে জড়িয়ে মৃত কচ্ছপ নিয়ে ফিরতে দেখেছেন জেলেদের।

এছাড়াও অসাধু কিছু বনজীবী বিষ প্রয়োগে মাছ শিকারের পাশাপাশি সাথে নিয়ে যাওয়া পলিথিন ও প্লাস্টিক বনের মধ্যে ফেলে দেয় বলে অভিযোগ তার।

oplus_262146

ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহারে রয়েছে ঝুঁকি
ওয়ান টাইম প্লাস্টিক-পলিথিনের ব্যবহার ক্রমে বাড়লেও এতে রয়েছে মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকি। এ প্রসঙ্গে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম বলেন, ‘ওয়ান টাইম’ পণ্য অবশ্যই শরীরের জন্য ক্ষতিকর। নানা রোগের সংক্রমণ, অ্যালার্জি, পাচনতন্ত্রের সমস্যার কারণও এটি। এছাড়া ‘ওয়ান টাইম’ পণ্য তৈরিতে ব্যবহৃত হয় ‘বিসফেনল এ’ ও নানা রাসায়নিক। আর এসব রাসায়নিক খাবারের সঙ্গে প্রবেশ করে শরীরের ভারসাম্য নষ্টের পাশাপাশি কারণ হতে পারে ক্যান্সারেরও। বস্তুটি দেখতে যতটা সাদা, এর কাজ ততটাই কালো।

সুন্দরবনে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে স্থানীয় উদ্যোগ
সুন্দরবনকে প্লাস্টিক-পলিথিন ও বিষের প্রভাবমুক্ত রাখতে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বিভিন্ন সময় ক্যাম্পেইন, মানববন্ধন করতে দেখা যায়। এ প্রসঙ্গে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এর যুব সংগঠক স.ম ওসমান গনি সোহাগ জানান, উপকূলের সর্বত্রই প্লাস্টিক-পলিথিন দূষণের নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে প্লাস্টিক-পলিথিন ও বিষ প্রয়োগ করে মাছ শিকারের ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠনসমূহকে সাথে নিয়ে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ও পলিথিনের ব্যবহার কমাতে ক্যাম্পেইন ও মানববন্ধন করে জনসচেতনতা সৃষ্টির প্রচেষ্টা চালানো হচ্ছে।

সুন্দরবনের সুরক্ষা নিশ্চিতে সেখানকার মাটি ও পানি দূষণমুক্ত রাখার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, এজন্য পরিবেশ অধিদপ্তরকে বিশেষ উদ্যোগ নিতে হবে।

যা বলছে বনবিভাগ ও স্থানীয় প্রশাসন
বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জার এবিএম হাবিবুল ইসলাম বলেন, পর্যটকদের সুন্দরবন ভ্রমণের অনুমতি দেওয়ার সময় নদীতে প্লাস্টিকের পণ্য না ফেলার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রতিটি ট্রলারে ডাস্টবিনের ব্যবস্থা থাকলেও পর্যটকরা সুন্দরবনে ট্রলারে খাওয়া-দাওয়ার পর প্লাস্টিকের পানির বোতল, প্লাস্টিকের অন্যান্য বস্তু, ওয়ান-টাইম খাবার পাত্রসহ নানা অপদ্রব্য নদীতে ফেলে পরিবেশ নষ্ট করে। পর্যটকদের সচেতন করতে ট্রলার মালিকদের ওরিয়েন্টশন দেওয়া হয়েছে। এছাড়াও সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ফেলে দেওয়া প্লাস্টিক পলিথিনের অন্তিম গন্তব্য গহিন সুন্দরবনের বিভিন্ন নদ-নদী-খাল, যা প্রাণ-বৈচিত্রের জন্য হয়ে উঠছে ‘কাল’।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন জানান, সুন্দরবন দূষণমুক্ত রাখার জন্য নানাভাবে চেষ্টা চলছে। যত্রতত্র প্লাস্টিক-পলিথিন না ফেলতে মানুষকে সচেতন করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১০

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১১

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১২

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৩

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৪

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

১৬

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

১৮

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৯

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705