শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবন থেকে হরিণ শিকারের ৪২টি ‘মালা ফাঁদ’ উদ্ধার করেছে বনবিভাগ। এছাড়া পৃথক অভিযানে অভয়ারণ্যে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বেলায়েতের ভারানি ও ছেড়ার খাল এলাকা থেকে এসব ফাঁদ উদ্ধার করে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সদস্যরা।
মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বনের ভেতরে পেতে রাখা ৪২টি ফাঁদ উদ্ধার করা হয়েছে। ফাঁদগুলো এমনভাবে পাতা ছিল, যাতে বনের ভেতরে বিচরণরত হরিণ সহজেই আটকা পড়ে।
এদিকে, সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনের আওতাধীন অভয়ারণ্য ডিঙ্গি মারি এলাকায় অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বন আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে আইয়ুব আলী গাজী (৫০) ও একই এলাকার মৃত আরশাদ আলী মোড়লের ছেলে জমাত মোড়ল (৬০)।
বন বিভাগের স্মার্ট টহল টিমের লিডার সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা স্টেশনের আওতাধীন ডিঙ্গি মারি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি নৌকাসহ প্রায় ৩০ কেজি কাঁকড়া ও মাছ-কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান জানান, সুন্দরবনে অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, সুন্দরবন সংলগ্ন এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম, আনিসুর রহমান ও গফফার সরদারসহ একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনে অসাধু শিকারী চক্র সক্রিয় রয়েছে। তাদের দাবি, কিছু ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় এসব চক্র বনাঞ্চলে অবৈধ শিকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা দ্রুত এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মন্তব্য করুন