
ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে সরকারি খাল জবর দখল করে জলাবদ্ধতা সৃষ্টিকারী মিলন মোল্যাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার উত্তর বাইনতলা পুরানো জামে মসজিদ সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাইনতলা, মাদিয়া, লক্ষী খোলা ও বড়দল গ্রামের পানিবন্দি শত শত মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী আবুল কালাম আজাদ, রিজিয়া খাতুন, আনারুল ইসলাম, ইয়াসিন আরাফাত, রেবেকা খাতুন, আবু হানিফ মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীমের ছত্রছায়ায় তার ছোটভাই মিলন মোল্যার অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। দলীয় প্রভাব খাটিয়ে সে সময় থেকেই মিলন চেউটিয়া খালের প্রায় ৬০০ বিঘা দখল করে ইচ্ছে মতো ভাগ বাটোয়ারা করে রেখেছে। বড় অংকের টাকার বিনিময়ে সরকারি খালে নেটপাটা ও আড়াআড়ি মাটির বাঁধ দিয়ে দখল করে রাখে। এর ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা চরমভাবে বাধাগ্রস্ত হয়ে পড়েছে। বর্তমানে উত্তর বাইনতলা গ্রামের শত শত পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করলেও তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। গত ১৫ দিন আগে পানিবন্দি এলাকার সাধারণ মানুষ খালের নেটপাটা অপসারণ করে। এতে ক্ষিপ্ত হয়ে মিলন মোল্যা বিভিন্ন অপপ্রচার শুরু করে।
বক্তারা আরও বলেন, মিলন মোল্যা তার নিজ বাড়ির সামনে একটি সুপেয় পানির প্লান্ট বন্ধ করে তার মোটর দিয়ে নিজের মৎস্য ঘেরে পানি উত্তোলন করে। এছাড়া উক্ত প্লান্টের বিদ্যুৎ বাড়িতে ব্যবহার করে। তার কারণে কয়েক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে আছে। অধিকাংশ কৃষক ধান চাষ করতে পারছে না।

মন্তব্য করুন