
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতাগুলোর একটি সাফ চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে টুর্নামেন্টের ১৫তম আসর।
আর এই আসরের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ফলে ঘরে বসেই সাফের প্রতিটি ম্যাচ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।
উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একই দিন রাত ৮টায় মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।
তাদের প্রতিপক্ষ ভুটান। দীর্ঘ ২৩ বছর পর সাফের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এবারের আসরে অংশ নিচ্ছে লাল-সবুজের দল।
বিটিভির পর্দায় উদ্বোধনী দিনের দুটি ম্যাচ ছাড়াও দেখা যাবে ৮ ও ১১ নভেম্বরের খেলাগুলো। এ ছাড়া ১৪ নভেম্বর দুই পর্বে অনুষ্ঠিতব্য সেমিফাইনাল এবং ১৭ নভেম্বরের ফাইনাল ম্যাচও সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় এই সম্প্রচারমাধ্যম।
দর্শকদের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় থাকছে জমকালো উদ্বোধনী আয়োজনও। সংগীত পরিবেশনা, আতশবাজি, লেজার শো, বিশেষ আলোকসজ্জা, পতাকা প্রদর্শনী এবং অংশগ্রহণকারী দেশগুলোর পরিচিতি পর্বের মধ্য দিয়ে বর্ণিল হয়ে উঠবে উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী আয়োজনের অন্যতম আকর্ষণ বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেবের গান। যিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও গান পরিবেশন করেছিলেন। আমেরিকা, কানাডা ছাড়িয়ে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিত এই শিল্পী বিশেষ সংগীত পরিবেশনা নিয়ে হাজির হবেন বাংলাদেশে।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ছয়টি দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।
‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ হিসেবে পরিচিত সাফ চ্যাম্পিয়নশিপের ঐতিহাসিক গুরুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার আবেদন এখনো অটুট। ঘরের মাঠে এবারের আসরে বাংলাদেশের শিরোপা জয়ের প্রত্যাশার পাশাপাশি পুরো টুর্নামেন্টের উত্তেজনা দর্শকদের কাছে পৌঁছে দিতে প্রস্তুত বিটিভি।

মন্তব্য করুন