
ডেস্ক রিপোর্ট: ‘শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করব কাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা চত্বরে সাতক্ষীরা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এসব কর্মসূচি উদ্বোধন করা হয়।
পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সাতক্ষীরার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, আঞ্চলিক পাসপোর্ট অফিস সাতক্ষীরার উপ-পরিচালক মোহা: আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমুখ।
এ সময়ে উপস্থিত ছিলেন সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান, জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম, অফিস সহকারী নাসির উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা শিশু একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোকাররম সিদ্দিক ও তাহরিমা তাসনিম আয়েশা।
এছাড়া গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ তারিখে লোক নৃত্য, ৮ তারিখে কন্যা শিশু দিবস উপলক্ষে সমাবেশ, আলোচনা সভা, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ৯ তারিখে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা, ১১ তারিখে দেশাত্মবোধক গান, নির্ধারিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, ১২ তারিখে ক্রীড়া প্রতিযোগিতা, ১৩ ও ১৪ তারিখে ভোমরায় রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়, আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ঋশিল্পী সেন্ট্রাল স্কুল ও সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা এবং ১৬ অক্টোবর বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে।

মন্তব্য করুন