The Editors
২৮ অক্টোবর ২০২৫, ২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আব্দুল মালেক ভাবেন, সরকার কেন ভাবে না?

তানজির কচি: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি করতেন সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের মোড়ল আব্দুল মালেক। পাশাপাশি নিজের জমিতে চাষাবাদ করতেন তিনি। মন মতো ফসল না হওয়ায় কৌশল বদলে জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করেন তিনি। এতে ভালো ফলন পান। যার রেশ ছিল পরবর্তী ফসলেও।

ভালো ফলন পাওয়ায় জৈব সারের প্রতি আকৃষ্ট হন আব্দুল মালেক। নিজেই শুরু করেন জৈব সার উৎপাদন। প্রথমে মাত্র ১৮টি নান্দায় কেচো বা ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করেন তিনি। যা এখন বৃহদাকার খামারে পরিণত হয়েছে। নিজ বাড়ি সংলগ্ন আড়াই বিঘা জমিতে সাড়ে তিন শতাধিক নান্দা আর অর্ধ শতাধিক হাউস নিয়ে পরিচালিত হচ্ছে তার খামার। যেখানে মাসে গড়ে উৎপাদিত হচ্ছে প্রায় ১৫ টন ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট সার। উৎপাদিত এই সার চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।

আব্দুল মালেক নিজের খামারে উৎপাদিত জৈব সারের নাম দিয়েছেন ‘সবুজ পাতা’। যা সাড়া ফেলেছে গোটা এলাকায়।

মোড়ল আব্দুল মালেক বলেন, মাটির স্বাস্থ্য সুরক্ষা, জমির উর্বরতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ফসল উৎপাদনে জৈব সারের কার্যকারিতা অনেক। জৈব সার উৎপাদন শুরু করলে কৃষি অফিস আমাকে সহায়তা করেছে। কিন্তু জৈব সার ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা খুবই কম। সরকার কৃষকের হাতে রাসায়নিক সার তুলে দিচ্ছে। রাসায়নিক সারে ভর্তুকি দিচ্ছে।

তিনি বলেন, শুধু মুখে মুখে মাটির স্বাস্থ্য সুরক্ষার কথা, নিরাপদ খাদ্য উৎপাদন বা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার কথা বললে তো হবে না। চেষ্টাও করতে হবে। সরকার যদি রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার কৃষকের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেয়, তাহলে যেমন আমদানি নির্ভরতা কমবে তেমনি সব প্রশ্নের উত্তর মেলানো সম্ভব।

মোড়ল আব্দুল মালেকের কথার সূত্র ধরে মাটির স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন বা জলবায়ু পরিবর্তনের সাথে জৈব সারের সম্পর্ক কিরূপ তা জানতে যোগাযোগ করা হয়েছিল বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনার ক্রপ ফিজিওলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ড. মোঃ বাবুল আকতারের সাথে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সাথে রাসায়নিক সারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাসায়নিক সার, বিশেষ করে নাইট্রোজেনভিত্তিক সার (ইউরিয়া) ব্যবহারের ফলে বায়ুম-লে নাইট্রাস অক্সাইড গ্যাস নির্গত হয়, যা একটি গ্রীনহাউস গ্যাস এবং কার্বন ডাই-অক্সাইডের তুলনায় প্রায় ৩০০ গুণ বেশি উষ্ণায়ন ক্ষমতা রাখে। ফলে রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার জলবায়ু পরিবর্তনের গতি ত্বরান্বিত করে।

এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার অনিশ্চয়তা, তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাতের তারতম্যের কারণে মাটির উর্বরতা ও সারের কার্যকারিতা হ্রাস পায়। যেমন অতিরিক্ত বৃষ্টি সারের ধৌত ও লিকেজ ঘটায়, আর খরার সময় গাছ সার শোষণ করতে পারে না। এর ফলে কৃষকদের বেশি পরিমাণ সার প্রয়োগ করতে হয়, যা আবার পরিবেশ দূষণ ও গ্রীনহাউস গ্যাস নির্গমন বৃদ্ধি করে।

এই কৃষি বিজ্ঞানীর মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জৈব সার ব্যবহারের বিশেষ কার্যকারিতা রয়েছে। জৈব সার মাটিতে জৈব পদার্থ ও কার্বন মজুদ বৃদ্ধি করে, যা বায়ুম-লের কার্বন ডাই-অক্সাইড কমিয়ে গ্রীনহাউস গ্যাস নির্গমন হ্রাসে সহায়তা করে। এটি মাটির পানি ধারণ ক্ষমতা উন্নত করে, ফলে খরা পরিস্থিতিতেও ফসল কিছুটা বেঁচে থাকতে পারে। পাশাপাশি জৈব সার মাটির অণুজীবের কার্যকলাপ বাড়িয়ে পুষ্টি সরবরাহ ও শিকড়ের বৃদ্ধি উন্নত করে, যা তাপমাত্রা ও আর্দ্রতার তারতম্যের মতো প্রতিকূল অবস্থায় গাছকে টিকে থাকতে সহায়তা করে। রাসায়নিক সারের বিপরীতে জৈব সার পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা বজায় রাখে। তাই জলবায়ু পরিবর্তন সহনশীল টেকসই কৃষি ব্যবস্থায় জৈব সার একটি কার্যকর ও নিরাপদ বিকল্প।

ড. আকতার এজন্য কৃষক পর্যায়ে জৈব সার ব্যবহারের প্রসার ঘটাতে কৃষি বিভাগকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, গবেষণালব্ধ ফলাফল যেমন জৈব সারের উপকারিতা ও প্রয়োগ কৌশল বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া, মাঠে প্রদর্শনী প্লট স্থাপন এবং প্রণোদনা বা সহায়তা প্রদান অত্যন্ত কার্যকর হতে পারে। পাশাপাশি স্থানীয়ভাবে জৈব সার উৎপাদন কেন্দ্র স্থাপন, গুণমান নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু ও জৈব পণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আগ্রহ বৃদ্ধি করা সম্ভব। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা যাবে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় জেলা সাতক্ষীরার মাটিতে লবণাক্ততাও অনেক বেশি। এখনকার কৃষকদের লবণাক্ততার চ্যালেঞ্জকে মোকাবেলা করেই ফসল উৎপাদন করতে হয়। এক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম জৈব সার।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্য মতে, সাতক্ষীরা অঞ্চলে ২০২৫ সালের মার্চ থেকে জুন পর্যন্ত ক্রমশ লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৪০ (ds/m) হয়। কারণ এসময় তাপমাত্রা অধিক থাকে। পরবর্তীতে জুলাই থেকে লবণাক্ততা ক্রমশ কমতে থাকে, যা সেপ্টেম্বর অক্টোবরের দিকে একেবারে সর্বনিম্ন ৯.২২ (ds/m) এ নেমে যায়।

লবণাক্ততা মোকাবেলায় সারের কার্যকারিতা কি তা জানতে চাওয়া হয়েছিল মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা (অ.দা.) মাহবুবুল আলম আসাদের কাছে।

তিনি জানান, সার ব্যবহার করে লবণাক্ততা সিগনিফিক্যান্টলি কমানো যায় না। তবে জৈব সার ব্যবহার করলে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। যা লবণনাক্ততা কমাতে সহায়তা করে।

তিনি আরও বলেন, মাটিতে সোডিয়াম ক্লোরাইড (NaCl) লবণ দ্রবীভূত থাকায় জিপসাম বা গন্ধক সার ব্যবহার করলে জিপসাম সারের সালফেট মূলক (SO4) বিক্রিয়া করে সোডিয়াম (Na) এর সাথে। যা লবণকে লিচিং হতে সহায়তা করে এবং লবণাক্ততা দূরীকরণে ভূমিকা রাখে। তবে, জৈব সার এক্ষেত্রে বেশি কার্যকর।

মাহবুবুল আলম আসাদ আরও জানান, তারা মাটির স্বাস্থ্য সুরক্ষা ও উর্বরতা নিশ্চিত করতে নিয়মিত মাটি ও পানি পরীক্ষা করে কৃষকদের সুষম সার ব্যবহারের পরামর্শ দেন।

খাদ্য উৎপাদনে মাঠ পর্যায়ে কৃষকের সাথে সরাসরি কাজ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কিন্তু মাটির স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন বা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারি এই সংস্থাটির ভূমিকা ইতিবাচক নয় বলে মন্তব্য করেন প্রাণ ও প্রতিবেশ গবেষক পাভেল পার্থ।

তিনি বলেন, সরকার মাঠ পর্যায়ে কৃষকদের যে প্রণোদনা দেয়, এর বড় অংশ রাসায়নিক সারের মাধ্যমে দেওয়া হয়। একদিকে বলবেন নিরাপদ খাদ্য উৎপাদনের কথা, জলবায়ু পরিবর্তনের কথা, আবার কৃষকের হাতে তুলে দেবেন রাসায়নিক সার তা তো হতে পারে না। যে কোনো মূল্যে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে, জৈব সারকে উৎসাহিত করতে হবে।

এ প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য বিভিন্ন স্থানে কেচো কম্পোস্ট সারের প্রদর্শনী দেওয়া হয়েছে। একই সাথে কৃষক পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সবসময়ই জৈব সার ব্যবহারে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর পর সংসদে যাচ্ছেন স্ত্রী শিরীন সুলতানাও

১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ডিসি-এসপিদের জন্য নতুন নির্দেশনা

শেষ ওয়ানডের দলে তানজিম সাকিব

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

পাইকগাছায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে

দেবহাটায় ২শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে ডাটা শেয়ারিং  

গত দেড় বছরে দেশ ‘মবের শহরে’ পরিণত হয়েছে: রুমিন ফারহানা

১০

যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে

১১

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

১২

বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’

১৩

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

১৪

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

১৫

করুণারত্নে-দুলানির লড়াই ছাপিয়ে বাংলাদেশের দারুণ জয়

১৬

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

১৭

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ? ‘ইনশাআল্লাহ’ ঘিরে নতুন গুঞ্জন

১৮

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

১৯

নাহিদের ফাইফারে দুইশর আগেই শেষ নিউজিল্যান্ড

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705